HomeUncategorizedপোস্ট অফিসের পরিষেবা এবার স্মার্টফোনেই

পোস্ট অফিসের পরিষেবা এবার স্মার্টফোনেই

‘ডাক সেবা’ অ্যাপে মিলবে একাধিক সুবিধা

ওয়েব ডেস্ক: পোস্ট অফিসের পরিষেবা পেতে আর বারবার ছুটতে হবে না ডাকঘরে। সঞ্চয় প্রকল্পে বিনিয়োগ থেকে শুরু করে পার্সেল বুকিং—এ বার এক ছাতার তলায় মিলবে একাধিক পরিষেবা। স্মার্টফোনে ‘ডাক সেবা’ অ্যাপের মাধ্যমে ঘরে বসেই ডাক বিভাগের নানা সুযোগ-সুবিধা ব্যবহারের পথ আরও সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। ডিজিটাল পরিষেবার প্রসারের সঙ্গে তাল মিলিয়ে সাধারণ মানুষের হাতের মুঠোয় ডাক ব্যবস্থাকে পৌঁছে দেওয়াই এই উদ্যোগের লক্ষ্য।

অ্যাপটির মাধ্যমে দেশীয় ও আন্তর্জাতিক পার্সেল ট্র্যাকিং, স্পিড পোস্ট ও পার্সেল বুকিংয়ের সুবিধা পাওয়া যাবে। এমনকী পার্সেল সংগ্রহের জন্য বাড়ি থেকেই পিকআপের অনুরোধ জানানো সম্ভব। ডাকমাশুল কত হবে, তা-ও হিসাব করে নিতে পারবেন গ্রাহক। পাশাপাশি ই-মানি অর্ডার, ডাকঘরের অবস্থান ও পিন কোড খোঁজা এবং অভিযোগ জানানো ও তার অগ্রগতি দেখার ব্যবস্থাও রয়েছে।

শুধু ডাক পরিষেবাই নয়, আর্থিক পরিষেবার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এই অ্যাপ। পোস্ট অফিসের বিভিন্ন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প, পোস্টাল লাইফ ইনস্যুরেন্স (PLI) এবং রুরাল পোস্টাল লাইফ ইনস্যুরেন্স (RPLI) সংক্রান্ত তথ্য ও নির্বাচিত পরিষেবা পাওয়া যাবে এখানে। ডিজিটাল পেমেন্টের ব্যবস্থাও রয়েছে। UPI, ইন্টারনেট ব্যাঙ্কিং ও কার্ডের মাধ্যমে লেনদেন করা যাবে।

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, ২৩টি ভারতীয় ভাষায় ব্যবহার করা যাবে অ্যাপটি। ফলে ইংরেজিতে স্বচ্ছন্দ নন, এমন গ্রাহকদের কাছেও পরিষেবা পৌঁছনো সহজ হবে। কেন্দ্রীয় যোগাযোগমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার উদ্যোগে ডাক বিভাগের এই ডিজিটাল রূপান্তর সাধারণ মানুষের সময় ও পরিশ্রম বাঁচানোর পাশাপাশি ডাক ব্যবস্থাকে আরও আধুনিক করে তুলবে বলে মনে করা হচ্ছে।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments