কলকাতা: সিঙ্গুরের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করতে চাইছে রাজ্যের বিজেপি সরকার। যে জমিকে কেন্দ্র করে একসময় বাংলার রাজনীতিতে ক্ষমতার পালাবদল ঘটেছিল, সেই সিঙ্গুরেই ফের শিল্পস্থাপনের লক্ষ্যে জমি কেনার উদ্যোগ শুরু করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । ৯৯৭ একর জমি কেনার জন্য ইতিমধ্যেই কৃষকদের সঙ্গে আলোচনা শুরু হয়েছে। রবিবার এই কথা জানিয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট করেছেন, জমির মালিকদের কাছ থেকে যুক্তিসঙ্গত দামে জমি কিনতে চায় রাজ্য।
এই প্রক্রিয়ার দায়িত্ব দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ শিল্প উন্নয়ন নিগমকে (ডব্লিউবিআইডিসি)। হুগলির জেলাশাসকও বিষয়টি নিয়ে কাজ করছেন। তবে সিঙ্গুরের জমিতে ঠিক কোন শিল্প গড়ে উঠবে, তা এখনই প্রকাশ্যে আনতে চাননি মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, সরকারের কাছে প্রস্তাব রয়েছে। জমি দেওয়া হবে, কী শিল্প হবে, তা যথাসময়ে জানা যাবে। তাৎপর্যপূর্ণ ভাবে, মুখ্যমন্ত্রীর এই ঘোষণার ঠিক আগের দিনই কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানিয়েছিলেন, সিঙ্গুরে অশোক লেল্যান্ডের ট্রাক তৈরির কারখানা গড়ে উঠবে। যদিও এই প্রকল্পের বিষয়ে শুভেন্দু সরাসরি কোনও নিশ্চয়তা দেননি।
আরও পড়ুন
উল্লেখ্য, ২০০৬ সালে বামফ্রন্ট সরকারের আমলে টাটার ন্যানো কারখানার জন্য এই ৯৯৭ একর জমি অধিগ্রহণ করা হয়েছিল। জমি আন্দোলনের জেরে ২০০৮ সালে প্রকল্প গুজরাতের সানন্দে সরিয়ে নেয় টাটা মোটরস। ২০১৬ সালে সুপ্রিম কোর্ট অধিগ্রহণ বাতিল করে জমি কৃষকদের ফেরানোর নির্দেশ দেয়।
এবার সেই জমি স্বেচ্ছায় কেনার মাধ্যমে শিল্পের পরিবেশ ফিরিয়ে আনার বার্তা দিচ্ছে বিজেপি সরকার। পাশাপাশি আগামী তিন মাসে রাজ্যজুড়ে ৮ থেকে ১০ হাজার একর জমি কিনে শিল্পের জন্য জমি ব্যাঙ্ক তৈরির পরিকল্পনাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। ফলে সিঙ্গুরের জমি কেনার উদ্যোগ ঘিরে নতুন করে শিল্পায়ন ও কৃষিজমির মালিকানা নিয়ে রাজনৈতিক বিতর্ক শুরু হওয়ার সম্ভাবনা প্রবল।




