ওয়েব ডেস্ক: ‘পঞ্চায়েত ৫’-এর ট্রেলারে সবচেয়ে বড় চমক অভিষেক ত্রিপাঠী ও রিঙ্কির প্রেম। আগের সিজনে অভিষেক ও রিঙ্কির সম্পর্ক আরও গভীর হয়েছিল। কিন্তু তাঁদের প্রেমের কথা গোপন থাকেনি। ভূষণ ওরফে বনরাকস এই সম্পর্কের কথা জানতে পেরে প্রাক্তন প্রধান ব্রিজভূষণ দুবেকে জানিয়ে দেয়। এরপরই শুরু হয় পারিবারিক অশান্তি। বনরাকসের এই চালেই কার্যত বিপাকে পড়েন সচিবজি।
ট্রেলারের অন্যতম আলোচিত দৃশ্য, যেখানে রিঙ্কির বাবা ব্রিজভূষণ দুবে সচিবজি অভিষেককে সপাটে চড় মারেন। কিন্তু তাতেও দমে যান না অভিষেক। রিঙ্কিকে বিয়ে করার সিদ্ধান্তে অনড় তিনি। বিয়ের প্রস্তাব নিয়ে রিঙ্কির বাবা-মায়ের কাছে যাওয়ার প্রস্তুতি নেন। প্রহ্লাদ ও বিকাশ তাঁকে বিয়ের প্রস্তাব দেওয়ার অনুশীলন করান। তবে ব্রিজভূষণ শেষ পর্যন্ত মেয়ের বিয়েতে রাজি হবেন কি না, তা নিয়ে রহস্য থাকছে। এই প্রেমের পরিণতি কী হবে, সেটাই নতুন সিজনের অন্যতম আকর্ষণ।
কিন্তু নতুন সিজনে কী কী দেখা যাবে?
সচিবজি ও সহকারী সচিব বিকাশকে দিয়ে অফিসের নোংরা পরিষ্কার করানো হচ্ছে। তাঁদের নানা কাজে অপদস্থ করছেন ভূষণ ও ক্রান্তি দেবী। ক্ষমতা হারিয়ে পুরনো প্রধান ব্রিজভূষণ মানসিকভাবে ভেঙে পড়েছেন। অন্যদিকে অভিষেককে নিজের চাকরি, ভবিষ্যৎ ও প্রেমের মধ্যে ভারসাম্য রাখতে হচ্ছে।
এত কিছুর পরেও কি রিঙ্কির বাবা রাজি হবে? জানতে হলে আগামী ৩ ডিসেম্বর চোখ রাখতে হবে অ্যামাজন প্রাইম ভিডিওর পর্দায়।




