ওয়েব ডেস্ক: শুধু প্রশাসনের শীর্ষে নয়, জনতার দরবারেও পৌঁছতে চাইছে বিজেপি। সাধারণ মানুষের অভাব-অভিযোগ সরাসরি শুনতে এবং সরকারি পরিষেবার বাস্তব পরিস্থিতি বুঝতে এবার অভিনব কর্মসূচি নিচ্ছে বঙ্গ বিজেপি। নাম ‘সেবাদূত’। ১ ডিসেম্বর থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত টানা ২৫ দিন এই কর্মসূচিতে ভিন জেলার বিধানসভা এলাকায় সাধারণ মানুষের মতো জীবনযাপন করবেন বিজেপির মন্ত্রী, সাংসদ, বিধায়ক-সহ শীর্ষ নেতারা। বিলাসবহুল গাড়ির কনভয় কিংবা নিরাপত্তার বেষ্টনী সরিয়ে সাধারণ কর্মী ও মণ্ডল সভাপতিদের বাড়িতে, প্রয়োজনে ধর্মশালায় রাত্রিবাস করবেন তাঁরা।
প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর জন্মদিন ২৫ ডিসেম্বর পর্যন্ত চলবে এই কর্মসূচি। লক্ষ্য, জনসংযোগ বাড়ানোর পাশাপাশি তৃণমূল স্তরে সরকারের কাজের প্রকৃত চিত্র জানা। স্কুল, কলেজ, হাসপাতাল, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, গ্রন্থাগার থেকে ক্লাব—বিভিন্ন প্রতিষ্ঠানের পরিকাঠামো খতিয়ে দেখবেন নেতারা। বন্ধ গ্রন্থাগার ও হেরিটেজ ভবনের অবস্থাও তাঁদের নজরে থাকবে। আদিবাসী, জনজাতি ও রাজবংশী সম্প্রদায়ের মানুষের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যার কথা শুনবেন।
আরও পড়ুন:
আলিমুদ্দিনের সিদ্ধান্তে কি খুলবে তৃণমূলের সঙ্গে নির্বাচনী সমঝোতার নতুন দরজা?
এই কর্মসূচির মাধ্যমে পাঁচটি বিষয়ে বিশেষ গুরুত্ব দিতে চাইছে বিজেপি। এলাকার উন্নয়ন, সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছনোর বাস্তব চিত্র, দল সম্পর্কে সাধারণ মানুষের ধারণা, স্থানীয় নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগ এবং সংগঠনের অভ্যন্তরীণ পরিস্থিতি। পুরনো কর্মীদের অভিজ্ঞতা ও ক্ষোভও শুনবেন ভিন জেলার নেতারা। ফলে সংশ্লিষ্ট বিধানসভা এলাকার জনপ্রতিনিধির কাজের মূল্যায়নের সুযোগ তৈরি হবে।
কোন জেলায় কাকে দায়িত্ব দেওয়া হবে, তা এখনও চূড়ান্ত হয়নি। কেন্দ্রীয় নেতৃত্বের অংশগ্রহণ নিয়েও সিদ্ধান্ত বাকি। তবে ক্ষমতায় আসার পর জনতার আরও কাছাকাছি পৌঁছনোর এই উদ্যোগে সংগঠন ও প্রশাসনের মধ্যে সরাসরি যোগাযোগ তৈরির বার্তা দিচ্ছে বিজেপি।




