HomeLive Updatesহাসিনার প্রত্যাবর্তনের আগেই সীমান্তে বাড়ানো হল নজরদারি

হাসিনার প্রত্যাবর্তনের আগেই সীমান্তে বাড়ানো হল নজরদারি

অশান্ত বাংলাদেশ, বিরোধীদের সঙ্গে বৈঠকে বসতে চান প্রধানমন্ত্রী তারেক

ওয়েব ডেস্ক: বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘিরে জল্পনা এবার নতুন মাত্রা পেল। ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতে রয়েছেন শেখ হাসিনা। ডিসেম্বরেই বাংলাদেশে ফেরার ইচ্ছাপ্রকাশ করেছেন তিনি। সেই প্রত্যাবর্তনের জল্পনার মধ্যেই হিংসার আগুনে জ্বলছে বাংলাদেশ। অন্যদিকে পোশাক শিল্পের শ্রমিকদের বিক্ষোভ, আবার অন্যদিকে প্রতিশোধের আগুন বিএনপির, জোড়া ফলায় বিদ্ধ বাংলাদেশ। এই উত্তপ্ত পরিস্থিতিতে সীমান্তে নজরদারি বাড়াচ্ছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী। তাদের বক্তব্য, ‘অবৈধ ও বিতর্কিত’ কেউ যাতে বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে জন্যই এই তৎপরতা। হাসিনার বাংলাদেশ ছাড়া পরে আওয়ামি লিগের অনেক নেতারাই পালিয়ে যান। নিষিদ্ধ আওয়ামি লিগের নেতা-কর্মীরা যাতে যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধভাবে দেশে প্রবেশ করতে না পারেন, সে জন্য নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ।

সূত্রের খবর, রবিবার রাতে দফায় দফায় উত্তেজনা ছড়ায় চট্টগ্রামে। সেখানে দামপাড়া এলাকায় পুলিশ লাইনস-এর সামনে বিস্ফোরণ হয়েছে রবিবার রাতে। চট্টগ্রামের বটতলি স্টেশনে একটি ট্রেনে আগুন ধরিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ। ট্রেনটির সামনের দিক থেকে তৃতীয় বগিতে কেউ বা কারা আগুন জ্বালিয়ে দেন বলে অভিযোগ উঠেছে। ধারাবাহিক অশান্তির মাঝে আওয়ামি লিগের একাধিক নেতা, প্রাক্তন মন্ত্রী এবং হাসিনার দলের ‘ঘনিষ্ঠ’ বলে পরিচিত বিশিষ্টজনেদের পাকড়াও করা শুরু করেছে পুলিশ। বিএনপি সরকারের আসার কিছু মাসের মধ্যেই কঠিন পরিস্থিতির সম্মুখীন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই পরিস্থিতিতে অশান্তিতে ইন্ধনের জন্য সরাসরি হাসিনার দিকে আঙুল তুললেন বাংলাদেশে ক্ষমতাসীন দল বিএনপি-র ভারপ্রাপ্ত মহাসচিব রাহুল কবির রিজভি। বাংলাদেশ তা সামলাতে না পেরে ঘুরিয়ে ভারতকে দুষছেন তারেক রহমান। বাংলাদেশে উদ্ভূত অশান্তির পরিস্থিতি সামাল দিতে বিরোধী দলগুলির সঙ্গেও বৈঠকে বসছেন সে দেশের প্রধানমন্ত্রী তারেক। জাতীয় নাগরিক পার্টির পাশাপাশি ‘মুক্তিযুদ্ধ-বিরোধী’ দল জামায়াতে ইসলামির নেতৃত্বের সঙ্গেও আলোচনা চান তিনি। বাংলাদেশে ‘নিষিদ্ধ’ আওয়ামি লিগের সাম্প্রতিক হামলা রুখতে মরিয়া তারেক রহমানের সরকার।

আরও পড়ুন

বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন নিয়ে সরব শ্রীজাত

 

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ৯৮ প্লাটুন মোতায়েন করা হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জে মোতায়েন করা হয়েছে দুই ব্যাটালিয়ন বিজিবি।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে ঢাকা, গাজিপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর, চট্টগ্রাম, কক্সবাজারসহ বিভিন্ন জেলায় বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে। সীমান্তের গুরুত্বপূর্ণ স্থানগুলোয় নজরদারি বাড়ানোর পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে চোরাচালান ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থাও নেওয়া হয়েছে। স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি করা হচ্ছে। এই কাজে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও অন্যান্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।এছাড়া সীমান্তে নজরদারি আরও জোরদার করতে ৫০টির বেশি সিসিটিভি ক্যামেরা, ২০টির বেশি সার্চলাইট, নাইট ভিশন ডিভাইস ও ড্রোনের মাধ্যমে নজরদারি চলছে। নতুন করে আরও ৬৫টি সিসিটিভি ক্যামেরা ও ৩৩টি সার্চলাইট বলানোর কাজ চলছে।

রবিবার ত্রিপুরা লাগোয়া বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলায় সীমান্তবর্তী এলাকা পরিদর্শনও করে আসেন বিজিবি প্রধান মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। রাতে সীমান্ত এলাকায় সার্চলাইট দিয়ে নজরদারি চালানো হচ্ছে। বিতর্কিত কোনও ব্যক্তি বা পলাতক কোনও অভিযুক্ত সীমান্ত দিয়ে সে দেশে ঢোকার চেষ্টা করলে তাঁকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের ময়মনসিংহ সেক্টরের কমান্ডার কর্নেল নাসির উদ্দিন।এ সময় সীমান্ত পরিস্থিতি ও নিরাপত্তাব্যবস্থা এবং চোরাচালান ও মানব পাচার প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন তিনি। চেকপোস্ট এলাকায় অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। যেসব এলাকায় কাঁটাতারের বেড়া নেই, সেসব এলাকায় টহল বাড়ানো হয়েছে। গতকাল সন্ধ্যায় বিজিবির একটি টহল দল বেনাপোল সীমান্ত এলাকায় টহল দিয়েছে।

 

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments