HomeBig Breakingনামের লড়াইয়ে নতুন অধ্যায়, কেন্দ্রের দরজায় এবার শুভেন্দু

নামের লড়াইয়ে নতুন অধ্যায়, কেন্দ্রের দরজায় এবার শুভেন্দু

বাংলা, হিন্দি এবং ইংরেজি—সব ভাষাতেই রাজ্যের সরকারি নাম ‘পশ্চিমবঙ্গ’ করার প্রস্তাব

ওয়েব ডেস্ক: রাজ্যের নামের সঙ্গে জড়িয়ে রয়েছে ইতিহাস, দেশভাগের স্মৃতি এবং রাজনৈতিক পরিচয়ের প্রশ্ন। সেই পরিচয়কেই এবার সরকারি স্বীকৃতির একসূত্রে বাঁধতে চাইছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার। বাংলা, হিন্দি এবং ইংরেজি—সব ভাষাতেই রাজ্যের সরকারি নাম ‘পশ্চিমবঙ্গ’ করার প্রস্তাব আগামী ৯ ডিসেম্বর বিধানসভায় পেশ করা হবে। সোমবার সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। বিধানসভায় প্রস্তাব পাশ হলে চূড়ান্ত অনুমোদনের জন্য তা পাঠানো হবে কেন্দ্রীয় সরকারের কাছে।

উল্লেখযোগ্য বিষয়, বাংলায় রাজ্যটি পশ্চিমবঙ্গ নামেই পরিচিত। কিন্তু ইংরেজিতে এতদিন সরকারি নাম ছিল ‘West Bengal’। এবার সেই নামের পরিবর্তে সর্বত্র ‘Paschimbanga’ ব্যবহারের উদ্যোগ নেওয়া হচ্ছে। অর্থাৎ ভাষাভেদে আলাদা নামের পরিবর্তে একটিই অভিন্ন পরিচয় প্রতিষ্ঠা করতে চাইছে রাজ্য সরকার।

এর আগে তৃণমূল সরকারের আমলেও রাজ্যের নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছিল। প্রথমে ‘পশ্চিমবঙ্গ’ নামের প্রস্তাব উঠলেও পরে বাংলা ভাষায় ‘বাংলা’, ইংরেজিতে ‘Bengal’ এবং হিন্দিতে ‘Bangal’ নামের প্রস্তাব দেওয়া হয়। ২০১৮ সালে বিধানসভায় ‘বাংলা’ নামের পক্ষে প্রস্তাব পাশ হলেও কেন্দ্রীয় অনুমোদন মেলেনি।

আরও পড়ুন:

ন্যানোর স্মৃতি সরিয়ে সিঙ্গুরে শিল্পায়নের নতুন অধ্যায় লিখতে চাইছেন শুভেন্দু অধিকারী

বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য আগেই জানিয়েছিলেন, ‘বাংলা’ বা ‘বঙ্গ’ নয়, রাজ্যের নাম হওয়া উচিত ‘পশ্চিমবঙ্গ’। তাঁর বক্তব্য, দেশভাগের ইতিহাস এবং পৃথক পশ্চিমবঙ্গ গঠনের রাজনৈতিক প্রেক্ষাপটের সঙ্গে এই নাম ওতপ্রোতভাবে জড়িত। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভূমিকার কথাও তুলে ধরেছিলেন তিনি।

এবার ৯ ডিসেম্বরের প্রস্তাব ঘিরে নতুন করে শুরু হতে চলেছে নামের রাজনীতি। তবে বিধানসভার অনুমোদনই শেষ কথা নয়, চূড়ান্ত সিদ্ধান্তের জন্য প্রয়োজন কেন্দ্রের সম্মতি।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments