নিজস্ব প্রতিনিধি: রাজনীতির উত্তাপে রাজধানীতে চড়ছে পারদ। তৃণমূল ছেড়ে এনসিপিআই-তে চলে যাওয়া বিদ্রোহী সাংসদরা বৈঠকে বসছেন, ককরোচ জনতা পার্টির কর্মসূচি রয়েছে। তারমধ্যেই দিল্লিতে পা রাখছেন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে যাওয়ার সময় একাধিক বিষয়ে তিনি কথা বলেন। প্রবীণ আইনজীবী তথা সিপিআই(এম)-এর প্রাক্তন রাজ্যসভার সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে হামলার অভিযোগ নিয়েও মুখ খোলেন মমতা।
তিনি জানান, বিকাশরঞ্জনের সঙ্গে তাঁর কথা হয়েছে। তাঁর বাড়িতে হামলার ঘটনা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। কলকাতায় থাকলে তিনি দেখা করতেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। তিনি কথা বলেছেন। দিল্লি থেকে ফিরে এসে দেখা করবেন।
এদিনই পূর্ব যাদবপুরে বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়ি লক্ষ্য করে কাচের বোতল ছোড়ার অভিযোগ ওঠে। ঘটনায় জানলার কাচ ভেঙে যায় বলে দাবি। বাইকে করে এসে সিপিএম নেতার বাড়িতে হামলা চালানো হয় বলেই অভিযোগ উঠেছে। বাড়ি লক্ষ্য করে ছোড়া হয় এলোপাথাড়ি ইট। এমনকী ভেঙ্গে দেওয়া হয় বাড়িতে লাগানো সিসিটিভি ক্যামেরাও।




