কলকাতা : কখনও কখনও ‘বিরতি’ শব্দটির অর্থ যে এত চূড়ান্ত হতে পারে, তা হয়তো কেউ ভাবেননি। পর্দা থেকে সাময়িক বিরতি নিয়েছিলেন পাপিয়া সিংহ। ভেবেছিলেন, লড়াই শেষ করে আবার ফিরবেন। কিন্তু বৃহস্পতিবার সকালে সেই অপেক্ষারও অবসান হল। ৪৭ বছর বয়সে চলে গেলেন বাংলা টেলিভিশনের পরিচিত সংবাদ সঞ্চালিকা।
দু’দশকেরও বেশি সময় ধরে তাঁর কণ্ঠ পৌঁছে গিয়েছে অগণিত দর্শকের ঘরে। স্পষ্ট উচ্চারণ, সাবলীল উপস্থাপনা এবং বাংলা শব্দের প্রতি যত্ন—সংবাদপাঠে পাপিয়ার নিজস্ব স্বর তৈরি করেছিল। শুধু খবর পড়া নয়, আবৃত্তিতেও ছিল তাঁর স্বচ্ছন্দ উপস্থিতি। তাই তাঁর কণ্ঠের সঙ্গে দর্শকদের সম্পর্ক ছিল কেবল পেশাগত পরিচয়ের নয়, দীর্ঘদিনের পরিচিতিরও। কোলন ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন পাপিয়া। ১২টি কেমো নিয়েছিলেন। চিকিৎসার ধকল ছিল প্রবল, শরীরও ক্রমশ সাড়া দিচ্ছিল না। তবু লড়াই চলছিল। বৃহস্পতিবার সকালে হৃদ্রোগে আক্রান্ত হয়ে সেই লড়াই থেমে গেল কলকাতার বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে।
পাপিয়াকে কাছ থেকে যাঁরা চিনতেন, তাঁদের স্মৃতিতে তিনি ছিলেন প্রাণখোলা, সহজ, জীবনকে উপভোগ করতে ভালবাসা মানুষ। তাঁর চলে যাওয়া তাই শুধু একটি পরিচিত কণ্ঠের থেমে যাওয়া নয়, একটি পরিচিত উপস্থিতিরও হঠাৎ অনুপস্থিতি। মা, স্বামী ও ছেলেকে রেখে চলে গেলেন পাপিয়া। ‘বিরতির পরে’ আর ফেরা হলো না।




