নিজস্ব প্রতিনিধি: জ্ঞানেশ কুমারকে ঘিরে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে এবার রাষ্ট্রপতির দ্বারস্থ ইন্ডিয়া ব্লক। বিরোধী শিবিরের পক্ষ থেকে সাক্ষাতের অনুরোধ জানানোর পর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ১০ জন সদস্যকে দেখা করার অনুমতি দিয়েছেন বলে সূত্রের খবর।
এই বৈঠকে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিত থাকার জোরালো সম্ভাবনাও রয়েছে। ফলে নিছক সাংবিধানিক সাক্ষাৎ নয়, এই উদ্যোগের পিছনে স্পষ্ট রাজনৈতিক বার্তাও দেখছে সংশ্লিষ্ট মহল। জ্ঞানেশ কুমারকে ঘিরে বিরোধীদের আপত্তি ও প্রশ্ন রাষ্ট্রপতির কাছে তুলে ধরার পাশাপাশি, বৃহত্তর বিরোধী ঐক্যের মঞ্চটিকেও সক্রিয় করার কৌশল নিয়েছে ইন্ডিয়া ব্লক। মমতার উপস্থিতি সেই কৌশলকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলতে পারে।
বিরোধী জোটের তরফে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে, কালীঘাট তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবেরা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সময় চেয়ে মঙ্গলবার চিঠি পাঠিয়েছিলেন। SIR প্রক্রিয়া নিয়ে জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে অনেকদিন ধরেই সরব ইন্ডি জোটের নেতারা। সম্প্রতি সর্বভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি প্রতিবেদনের পর মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধ সুর চড়িয়েছেন রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়রা। জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি জানিয়েছেন। এবার রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে কী উঠে আসে, সেইদিকে তাকিয়ে রাজনৈতিক মহল।




