ওয়েব ডেস্ক: ফের ধাক্কা ভারতের অর্থনীতিতে। দেশের বিদেশি মুদ্রার ভাণ্ডারে এক সপ্তাহের ব্যবধানে কমল ১৪০০ কোটি মার্কিন ডলারেরও বেশি। গত তিন মাসের মধ্যে সর্বাধিক পতন। রিজার্ভ ব্যাঙ্কের প্রকাশিত তথ্য সামনে আসতেই নতুন করে চাপে কেন্দ্রীয় সরকার। এই পরিস্থিতিকে হাতিয়ার করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারকে তীব্র আক্রমণ শানিয়েছে কংগ্রেস। তাদের অভিযোগ, টাকার মূল্যপতন ঠেকাতে গিয়ে দেশের অর্থনীতির ভিতই দুর্বল করে দেওয়া হচ্ছে।
রিজার্ভ ব্যাঙ্কের পরিসংখ্যান অনুযায়ী, ১৩ নভেম্বর শেষ হওয়া সপ্তাহে ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার কমেছে ১৪.২০৫ বিলিয়ন ডলার। মূলত বিদেশি মুদ্রার সম্পদ এবং সঞ্চিত সোনার বাজারদর কমে যাওয়াই এই পতনের অন্যতম কারণ। এক সপ্তাহে বিদেশি মুদ্রার সম্পদের মূল্য কমেছে ৭৮০ কোটি ডলার। অন্যদিকে, সোনার ভাণ্ডারের মূল্য কমেছে প্রায় ৬১০ কোটি ডলার।
এই পরিসংখ্যান সামনে আসতেই মোদি সরকারকে নিশানা করেছে কংগ্রেস। হাত শিবিরের অভিযোগ, গত দু’মাসে দেশের বিদেশি মুদ্রার ভাণ্ডার থেকে ৮০০০ কোটি ডলারেরও বেশি কমে গিয়েছে। ডলারের তুলনায় টাকার দরপতন রুখতে রিজার্ভ ব্যাঙ্ককে বিপুল পরিমাণ ডলার খরচ করতে হচ্ছে। কংগ্রেসের কটাক্ষ, টাকার মূল্য ১০০-র গণ্ডি ছুঁলে প্রধানমন্ত্রীর ভাবমূর্তিতে ধাক্কা লাগতে পারে। সেই আশঙ্কাতেই অর্থনীতির স্বার্থের চেয়ে রাজনৈতিক ভাবমূর্তিকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, গত মে মাসেও বিদেশি মুদ্রার ভাণ্ডারে বড়সড় পতন হয়েছিল। তখন বিদেশ ভ্রমণ ও সোনা কেনায় সংযমের আবেদন জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। কয়েক মাসের ব্যবধানে ফের একই পরিস্থিতির পুনরাবৃত্তি অর্থনীতির স্থিতিশীলতা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে।




