কণাদ দাশগুপ্ত
রাজ্যপালের পদে বসতে নারাজ বিজেপির তিন হেভিওয়েট নেতা। রাজনাথ সিং, শিবরাজ সিং চৌহান এবং নীতিন গড়করিকে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে সরিয়ে রাজ্যপাল করার পরিকল্পনা নিয়েছে নরেন্দ্র মোদি ও অমিত শাহের শিবির। কিন্তু সেই প্রস্তাবে তিন নেতারই আপত্তি। ফলে মন্ত্রিসভার রদবদল ঘিরে নতুন করে জটিলতা তৈরি হয়েছে বলে দাবি সূত্রের।
জেন জি আন্দোলনের জেরে ধর্মেন্দ্র প্রধান শিক্ষামন্ত্রীর পদ ছাড়ার পর থেকেই কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদলের জল্পনা চলছে। গত বুধবার রাতে প্রধানমন্ত্রীর বাসভবন ৭ লোককল্যাণ মার্গে বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনের সঙ্গে মোদি ও শাহের বৈঠক সেই জল্পনায় নতুন মাত্রা যোগ করেছে। তিন প্রবীণ নেতাকে রাজ্যপাল করার প্রস্তাব দূত মারফত তাঁদের কাছে পৌঁছেছে বলেও দাবি করা হয়েছে। তবে কেউই সক্রিয় রাজনীতি ছেড়ে সাংবিধানিক পদে যেতে আগ্রহী নন।
আরও পড়ুন:
উত্তরপ্রদেশে জয়ের অঙ্কে আসন বণ্টন চান অখিলেশ, রাজস্থানের সাফল্যে পাল্টা চাপ কংগ্রেসের
বিশেষত উত্তরপ্রদেশের আগামী বছরের বিধানসভা নির্বাচনকে ঘিরে রাজনাথ সিংকে সরানোর প্রশ্নে রাজনৈতিক হিসাব রয়েছে। লখনউয়ের সাংসদ তথা প্রতিরক্ষামন্ত্রীকে সরালে উত্তরপ্রদেশে তার প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা বিজেপির একাংশের। ফলে ২০২৭ সালে উত্তরপ্রদেশের নির্বাচন মিটলে বড়সড় রদবদলের সম্ভাবনাও আলোচনায়।
অন্যদিকে, একাধিক মন্ত্রকের দায়িত্ব কয়েকজন মন্ত্রীর কাঁধে থাকায় প্রশাসনিক চাপ বাড়ছে। শরিকদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার বিষয়টিও রয়েছে। নতুন শরিক এনসিপিআইয়ের একাধিক সাংসদ মন্ত্রিসভায় জায়গা পেতে আগ্রহী। ফলে প্রবীণ নেতাদের আপত্তি, শরিকদের দাবি এবং সাংগঠনিক প্রয়োজন—সব মিলিয়ে মন্ত্রিসভার রদবদল এখন মোদি-শাহের কাছে গুরুত্বপূর্ণ রাজনৈতিক সমীকরণ।




