কলকাতা: পুজো আসছে। আকাশে বাতাসে এখন শুধুই মহামায়ার আগমনের বার্তা। ভেজা তুলোর মত মেঘ, শিউলি ফুলের গন্ধ আর ক্যালেন্ডারে জ্বলজ্বল করা আসন্ন মহালয়ার দিনটির আশায় এখন দিন গুনছে প্রত্যেক বাঙালি। দুর্গা পুজোর উদ্বোধন হতে হাতে বাকি আরও কয়েকদিন। তার আগেই পদ্মভূষণে ভূষিত নিউটাউন সর্বজনীন দুর্গাপুজো।
এইবছর নিউটাউনের অত্যন্ত জনপ্রিয় পুজোর মধ্যে অন্যতম নিউটাউন সর্বজনীন দুর্গাপুজো। নিউটাউনের সেন্ট্রাল মলের ঠিক সামনের মাঠে বিগত চার বছর ধরে এই পুজো হয়ে আসছে। এবছর তাদের পুজো পঞ্চম বছরে পা দিল। এবছর তাদের পুজোর থিম “পদ্মভূষণ”। পুজোর সম্পাদক সমরেশ দাস জানান, বিগত চার বছর ধরে এই পুজো দেখার জন্য প্রত্যেকদিন বহু মানুষের সমাগম হয়। এবারও তার অন্যথা হবে না। মন্ডপসজ্জা থেকে শুরু করে দেবী মূর্তি দায়িত্বে আছেন শিল্পী রিন্টু দাস।
সমরেশ বাবু জানান, ভারতবর্ষে গুণী মানুষদের তাঁদের কর্মক্ষেত্রের বিচারে সর্বোচ্চ সম্মান দিতে শোনা গিয়েছে। তাঁদের পদ্মশ্রী কিংবা পদ্মভূষণ দেওয়া হয়। সেখান থেকে এই ভাবনার উৎপত্তি। এবারে সেই ভাবনা থেকে মূলত পদ্মফুল তার মধ্যে মৌমাছি এবং বড় বড় নৌকার মাঝখানে মা দুর্গা তার সন্তানদের নিয়ে পুজো গ্রহণ করবেন। ইতিমধ্যেই জোর কদমে চলছে মন্ডপ তৈরীর কাজ। বড় বড় ২৪টা নৌকো আনা হয়েছে। এক একটি নৌকো প্রায় ২৪ ফুট লম্বা, বলাগড় থেকে এই নৌকাগুলি নিয়ে আসা হয়েছে তার অন্যতম গুরুত্বপূর্ণ কারণ হলো এইবার বলাগড় জিআই ট্যাগ পেয়েছে নৌকার জন্য।
আগামী ১১ তারিখে পুজোর শুভ উদ্বোধন হবে। উপস্থিত থাকার কথা রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ সহ অন্যান্য রাজ্যের মন্ত্রীদের এবং বহু গুণী মানুষদের। যেহেতু এই বছর সরকার থিমের পেছনে না দৌড়ে সাবেকি পুজোর ওপর জোর দিয়েছে। সেই পরিপ্রেক্ষিতে মাতৃমূর্তি চিন্ময়ী রাখা হয়েছে। মায়ের প্রসাদ আলাদা বানানো হবে। প্রসাদ বিতরণ এবং প্রসাদ গ্রহণের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে। এবছর উদ্যোক্তাদের দাবি তারা পঞ্চম বছরেও বিগত বছরের রেকর্ড ভেঙে দিতে পারবেন।




