ওয়েব ডেস্কঃ নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে রেকর্ড রান করেও জয় অধরা ভারতের। ৭২০ রান করে চালকের আসনে থেকেও কিউয়িদের বিরুদ্ধে ড্র করল টিম ইন্ডিয়া।এক ঘণ্টা বাকি থাকতেই ড্রয়ের সিদ্ধান্ত নিলেন শুভমন গিলেরা। উপমহাদেশে এমন পিচ হলে সমালোচনায় সরব হতেন নিন্দুকেরা। উঠত টেস্ট ক্রিকেটের ভবিষ্যত নিয়ে প্রশ্ন। অথচ নিউজিল্যান্ডের মাটিতেই ওয়েলিংটনে দেখা গেল এমন এক নিষ্প্রাণ ২২ গজ। যেখানে কার্যত ভোঁতা হয়ে গেল জশপ্রীত বুমরার হাতিয়ার। ছাপ ফেলতে পারলেন না আকাশ দীপ, অংশুল কম্বোজরাও।
কেএল রাহুল ও ঋষভ পন্থের জোড়া শতরানে ৩৫২ রানের লিড ন্যায় ভারত।চতুর্থ দিনের শেষে নিউজিল্যান্ডের স্কোর ২ উইকেটে ১১৯ রান। অন্য কোনও পিচ হলে নিশ্চিত ভাবে হয়ত বলা যেত টেস্ট জিততে চলেছে শুভমন গিলের দল। কিন্তু ওয়েলিংটনের যে ২২ গজে টিম ইন্ডিয়াকে খেলতে হল সেই পিচে ৮ উইকেট তোলা যে চাট্টিখানি কথা নয় তা হাড়েহাড়ে টের পেলেন ভারতীয় বোলারেরা। ১২০ ওভার বল করেও ১০ উইকেট তোলা গেল না। পড়ল মাত্র ৫ উইকেট।
আরও পড়ুন
শীতের কুয়াশায় লালমাটির হাতছানি, গন্তব্য হোক পুরুলিয়ার কেশরা ভ্যালি
ভারতের জয়ের পথে বাধা হয়ে দাঁড়ালেন ড্যারিল মিচেল ও গ্লেন ফিলিপ্স। ১৮৯ বল খেলে ৪৯ রানে অপরাজিত থাকেন মিচেল। অন্যদিকে প্রথম ইনিংসে সেঞ্চুরি করা ফিলিপ্স ১২৬ বল খেলে ২৬ রানে অপরাজিত থাকেন। দুজনে মিলে ৪৩ ওভার ক্রিজে কাটিয়ে ভারতের জয়ের আশা শেষ করে দেন। সব রকম চেষ্টা করেও জুটি ভাঙতে পারেননি ভারতীয় বোলারেরা।
তবে চিন্তার বিষয় , বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার জন্য প্রতিটি ম্যাচই কার্যত মাস্ট উইন ছিল ভারতের কাছে। সেই লক্ষ্যেই কিউয়িদের বিরুদ্ধে নেমেছিল শুভমনের দল। কিন্তু প্রথমেই ধাক্কা। জলে গেল ভারতীয় ব্যাটারদের দুরন্ত পারফরম্যান্স।




