HomeTop Newsপুরভোটে সংরক্ষণের নতুন সমীকরণ, কলকাতার ২০৯ ওয়ার্ডে মহিলাদের জন্য ৬৯ আসন

পুরভোটে সংরক্ষণের নতুন সমীকরণ, কলকাতার ২০৯ ওয়ার্ডে মহিলাদের জন্য ৬৯ আসন

কলকাতা পুরভোটের প্রাক্কালে খুলে গেল সংরক্ষণের চূড়ান্ত অঙ্ক, প্রকাশিত তালিকায় ২০৯টি ওয়ার্ডের ১২টি তফসিলি জাতির জন্য সংরক্ষিত

কলকাতা পুরভোটের প্রাক্কালে খুলে গেল সংরক্ষণের চূড়ান্ত অঙ্ক। প্রকাশিত তালিকায় ২০৯টি ওয়ার্ডের ১২টি তফসিলি জাতির জন্য সংরক্ষিত। এর মধ্যে ২৫, ৭৫, ১৫৪ এবং ১৯৭ নম্বর ওয়ার্ড তফসিলি জাতির মহিলা প্রার্থীদের জন্য। তফসিলি জনজাতির জন্য কোনও ওয়ার্ড সংরক্ষিত হয়নি।

সাধারণ মহিলা প্রার্থীদের জন্য সংরক্ষিত হয়েছে আরও ৬৫টি ওয়ার্ড। ফলে মহিলা প্রার্থীদের জন্য মোট ৬৯টি আসন নির্দিষ্ট হল। খসড়া তালিকার পর আপত্তি ও সংশোধনের প্রক্রিয়া শেষ করেই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে।

নতুন বিন্যাসে বদলাবে প্রার্থী বাছাইয়ের হিসাব। দীর্ঘদিন ধরে নির্দিষ্ট ওয়ার্ডে প্রস্তুতি নেওয়া সম্ভাব্য প্রার্থীদের অনেককেই এবার বিকল্প ওয়ার্ড খুঁজতে হতে পারে। সংরক্ষিত ওয়ার্ডে মহিলা ও তফসিলি জাতির প্রার্থী বাছাই ঘিরে দলগুলির অন্দরেও তৎপরতা বাড়বে।

১৪৪ থেকে বেড়ে ২০৯ ওয়ার্ডে এই প্রথম পুরভোট। ফলে সংরক্ষণের তালিকা প্রকাশের সঙ্গে ভোটের লড়াইও আরও স্পষ্ট হল। ২৮ নভেম্বর কলকাতা ও হাওড়ায় ভোট হওয়ার সম্ভাবনা এবং ২ ডিসেম্বর ফল ঘোষণার কথা রয়েছে। অর্থাৎ উৎসবের মরসুম শেষ হওয়ার আগেই প্রার্থী বাছাই, ওয়ার্ড-সমীকরণ এবং সংগঠন সাজানোর পরীক্ষায় নামতে হবে রাজনৈতিক দলগুলিকে। সংরক্ষণের এই অঙ্ক তাই পুরভোটের ফল নির্ধারণের আগে প্রার্থী- সমীকরণের অন্যতম গুরুত্বপূর্ণ পর্ব হয়ে উঠল।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments