HomeTop Newsব্রিটিশ আমলের মানচিত্র বিদায়, এক ক্লিকেই কলকাতার প্রতিটি ওয়ার্ডের নিখুঁত তথ্য

ব্রিটিশ আমলের মানচিত্র বিদায়, এক ক্লিকেই কলকাতার প্রতিটি ওয়ার্ডের নিখুঁত তথ্য

ব্রিটিশ আমলের মানচিত্রের বদলে আধুনিক প্রযুক্তি, এক ক্লিকেই কলকাতার প্রতিটি ওয়ার্ডের তথ্য!

ওয়েব ডেস্ক : ব্রিটিশ আমলের হাতে আঁকা মানচিত্রের নির্ভরতা কাটিয়ে আধুনিক প্রযুক্তির পথে কলকাতা পুরসভা। শহরের প্রতিটি ওয়ার্ডের জন্য তৈরি হচ্ছে পৃথক ডিজিটাল মানচিত্র। একটি ক্লিকেই জানা যাবে সংশ্লিষ্ট ওয়ার্ডের সীমানা, রাস্তার দৈর্ঘ্য-প্রস্থ থেকে শুরু করে জলাশয়, পার্ক, খেলার মাঠ এবং নাগরিক পরিষেবার গুরুত্বপূর্ণ পরিকাঠামোর অবস্থান। পুর প্রশাসনের দাবি, এই উদ্যোগ বাস্তবায়িত হলে শহর পরিচালনা এবং নাগরিক পরিষেবা প্রদানের ক্ষেত্রে বড়সড় পরিবর্তন আসবে।

কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা ১৪৪ থেকে বেড়ে ২০৯ হয়েছে। নতুন করে সীমানা পুনর্বিন্যাসের পর পুরনো মানচিত্রের সঙ্গে শহরের বর্তমান ভৌগোলিক অবস্থানের বিস্তর ফারাক তৈরি হয়েছে। জনসংখ্যা বৃদ্ধি, নতুন রাস্তা, আবাসন এবং পরিকাঠামোর সম্প্রসারণের ফলে ব্রিটিশ আমলের মানচিত্রের উপর নির্ভর করে উন্নয়নমূলক পরিকল্পনা তৈরি করা ক্রমশ কঠিন হয়ে পড়ছিল। সেই সমস্যা মেটাতেই এই উদ্যোগ। পুরসভার কর বিভাগ ডিজিটাল মানচিত্র তৈরির দায়িত্বে রয়েছে। পরিকল্পনাও চূড়ান্ত হয়েছে।

কংগ্রেসের সঙ্গে আসন সংঘাত, উত্তরপ্রদেশ জয়ের রণকৌশল একা অখিলেশের

নতুন মানচিত্রে প্রতিটি এলাকার অক্ষাংশ ও দ্রাঘিমাংশের নির্দিষ্ট তথ্য থাকবে। কোন ওয়ার্ডে কোন রাস্তা রয়েছে, তার দৈর্ঘ্য ও প্রস্থ কত, কোথায় নিকাশি নালা তৈরি বা রাস্তা সংস্কার প্রয়োজন, সবই জানা যাবে এক ক্লিকে। পাশাপাশি জলাশয়, পার্ক, সবুজ এলাকা এবং খেলার মাঠের অবস্থানও চিহ্নিত থাকবে। ফলে বেআইনি পুকুর ভরাট কিংবা সবুজ ধ্বংসের অভিযোগের দ্রুত নিষ্পত্তি সম্ভব হবে বলে মনে করছে পুর প্রশাসন।

শুধু তাই নয়, পানীয় জলের বুস্টার পাম্পিং স্টেশন, নিকাশি পাম্পিং স্টেশন, পুরসভার দফতর এবং ওয়ার্ড অফিসের অবস্থানও থাকবে এই মানচিত্রে। বর্ষায় জল জমা কিংবা পানীয় জল সরবরাহের সমস্যায় দ্রুত ব্যবস্থা নিতে সুবিধা হবে আধিকারিকদের। গুরুত্বপূর্ণ বিষয়, মানচিত্রটি সাধারণ মানুষের ব্যবহারের জন্যও উন্মুক্ত রাখা হবে। ফলে প্রযুক্তির হাত ধরে কলকাতার নাগরিক পরিষেবায় নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments