কণাদ দাশগুপ্ত : লোকসভায় আসন পুনর্বিন্যাস সংক্রান্ত বিলের ভোটাভুটির আগে নতুন রাজনৈতিক অঙ্কের মুখে কেন্দ্রীয় সরকার। তৃণমূলের লোকসভার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিটিশনের জবাবে এনসিপিআইয়ের ২০ সাংসদের চিঠি ইতিমধ্যেই জমা পড়েছে স্পিকারের সচিবালয়ে। কিন্তু এখনও সংসদীয় দল হিসেবে স্বীকৃতি মেলেনি তাঁদের। সোমবার থেকে বাদল অধিবেশনের দ্বিতীয় সংক্ষিপ্ত পর্ব শুরু হওয়ার কথা। হাতে সময় মাত্র ৭২ ঘণ্টার সামান্য বেশি। ফলে অধিবেশন শুরুর আগে এই স্বীকৃতিই এখন দিল্লির রাজনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন।
আসন পুনর্বিন্যাস সংক্রান্ত বিলের ভোটে এনসিপিআইয়ের ২০ সাংসদের সমর্থন সরকারের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু সংসদীয় দল হিসেবে স্বীকৃতি না পেলে তাঁদের অবস্থান আইনি ও সাংবিধানিক জটিলতায় পড়তে পারে। লোকসভার ওয়েবসাইটে এখনও তাঁদের পরিচয় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাংসদ হিসেবেই রয়েছে। ফলে তৃণমূলের হুইপ অগ্রাহ্য করে সরকারের পক্ষে ভোট দিলে দলত্যাগ বিরোধী আইনে সদস্যপদ খারিজের আশঙ্কা থেকে যাচ্ছে।
এই পরিস্থিতিতে এনসিপিআই নেতৃত্বের সঙ্গে একাধিকবার কথা বলেছেন সংসদীয় মন্ত্রী কিরেন রিজিজু। প্রধানমন্ত্রীর দফতরেও নিজেদের অবস্থান জানিয়ে রেখেছেন তাঁরা। বিজেপি সূত্রের দাবি, এনসিপিআইয়ের এক নেতাকে রিজিজু আশ্বাস দিয়েছেন, ‘সবাই নিশ্চিন্তে থাকতে পারেন। সব ঠিক থাকবে।’ অর্থাৎ অধিবেশনের আগেই স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
তবে রাত পর্যন্ত স্পিকারের স্বীকৃতির চিঠি বা নোটিস হাতে পাননি সুদীপ বন্দ্যোপাধ্যায়রা। অন্যদিকে, তৃণমূলের পক্ষ থেকেও এখনও হুইপ জারি হয়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায় আপাতত সাংসদদের অধিবেশনে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন। মমতাপন্থী শিবিরের অভিযোগ, কেন্দ্রের বিল পাশ করানোর জন্য প্রয়োজনীয় সংখ্যা জোগাড় করতেই এনসিপিআইকে তড়িঘড়ি স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা চলছে।
অতএব, সোমবারের অধিবেশনের আগে ২০ সাংসদের স্বীকৃতি শুধু সাংগঠনিক প্রশ্ন নয়, কেন্দ্রের সংখ্যার অঙ্ক এবং তৃণমূলের অভ্যন্তরীণ বিভাজনেরও বড় পরীক্ষা।




