HomeTop Newsকংগ্রেসের সঙ্গে আসন সংঘাত, উত্তরপ্রদেশ জয়ের রণকৌশল একা অখিলেশের

কংগ্রেসের সঙ্গে আসন সংঘাত, উত্তরপ্রদেশ জয়ের রণকৌশল একা অখিলেশের

কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা নিয়ে বিরোধ যখন ক্রমশ প্রকাশ্যে, তখনই ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের ঘুঁটি সাজাতে শুরু করলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব

ওয়েব ডেস্ক : কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা নিয়ে বিরোধ যখন ক্রমশ প্রকাশ্যে, তখনই ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের ঘুঁটি সাজাতে শুরু করলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। বৃহস্পতিবার সংবিধান দিবসে লখনউয়ে প্রকাশ করলেন দলের নির্বাচনী ইস্তাহার ‘জন-মন কা ম্যানিফেস্টো’। কর্মসংস্থান, কৃষক কল্যাণ, সামাজিক ন্যায় এবং শিক্ষা-স্বাস্থ্যকে সামনে রেখে বিজেপি বিরোধী লড়াইয়ে নতুন রাজনৈতিক বার্তা দিতে চাইলেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তবে ইস্তাহার প্রকাশের পাশাপাশি কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতার জটও বিরোধী শিবিরের অস্বস্তি বাড়াচ্ছে।

‘সাত্তাইস কা সংকল্প, PDA কা প্রণপত্র’ স্লোগানকে সামনে রেখে প্রকাশিত ২৮ পাতার ইস্তাহারে পাঁচ বছরে ২৫ লক্ষ সরকারি চাকরির প্রতিশ্রুতি দিয়েছে সমাজবাদী পার্টি। স্নাতক বেকারদের মাসে পাঁচ হাজার টাকা ভাতা, কৃষকদের ঋণ মকুব এবং ২৩টি ফসল ও দুধের ন্যূনতম সহায়ক মূল্যের আইনি নিশ্চয়তার কথাও বলা হয়েছে। মহিলাদের বছরে ৪০ হাজার টাকা আর্থিক সাহায্য, পুরনো পেনশন প্রকল্প চালু, বিনামূল্যে শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবার প্রতিশ্রুতিও রয়েছে। বন্ধ হয়ে যাওয়া প্রাথমিক স্কুল পুনরায় খোলার পাশাপাশি শিক্ষা মিত্রদের স্থায়ী চাকরি ও বেতন বৃদ্ধির আশ্বাস দিয়েছে দল।

অখিলেশের রাজনৈতিক কৌশলের কেন্দ্রে রয়েছে PDA—পিছিয়ে পড়া, দলিত এবং সংখ্যালঘু ভোটব্যাঙ্ক। এই সামাজিক সমীকরণকে আরও মজবুত করেই বিজেপিকে চ্যালেঞ্জ জানাতে চাইছে সপা। জাতিগত জনগণনা এবং সরকারি বরাতের ক্ষেত্রে PDA সম্প্রদায়ের জন্য ৫০ শতাংশ সংরক্ষণের প্রতিশ্রুতিও সেই কৌশলের অংশ।

কিন্তু বিরোধী ঐক্যের ছবিতে ফাটল স্পষ্ট। কংগ্রেসকে মাত্র ২৬টি আসনের প্রস্তাব দিয়েছে সপা। অন্য দিকে, শতাধিক আসন চাইছে কংগ্রেস। পাঁচটি আসনে একতরফা প্রার্থী ঘোষণাও ক্ষোভ বাড়িয়েছে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে ইমরান মাসুদকে প্রকাশ্যে সংযত থাকার পরামর্শ দিয়েছেন। ফলে বিজেপি বিরোধী লড়াইয়ের আগে জোটের ঐক্য ফেরানোই অখিলেশের বড় পরীক্ষা।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments