ওয়েব ডেস্ক : চিনের সহযোগিতায় মহাকাশ গবেষণা ও সামরিক ক্ষেত্রে নিজেদের সক্ষমতা বাড়াচ্ছে পাকিস্তান। এই পরিস্থিতিতে ভারতকে সতর্ক থাকার পরামর্শ দিলেন দেশের চিফ অফ ডিফেন্স স্টাফ (CDS) জেনারেল এন এস রাজা সুব্রহ্মণী। তাঁর আশঙ্কা, চিনের উন্নত প্রযুক্তির সাহায্য পেলে পাকিস্তানের সামরিক নজরদারি ও গোয়েন্দা সক্ষমতা আরও শক্তিশালী হয়ে উঠতে পারে।
পাকিস্তানের মহাকাশ গবেষণা সংস্থা SUPARCO নিজস্ব সক্ষমতা বাড়ানোর কাজ করছে। পাশাপাশি চিনের প্রযুক্তিগত সহযোগিতাও পাচ্ছে তারা। পাকিস্তানকে ভবিষ্যতে তুরস্কও সহযোগিতা করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন CDS। চিনের কাছে থাকা Intelligence, Surveillance and Reconnaissance (ISR) এবং Positioning, Navigation and Timing (PNT) প্রযুক্তির সুবিধা পাকিস্তান পেতে পারে বলে মনে করছেন তিনি।
পাকিস্তানের এই অগ্রগতির মোকাবিলায় ভারতের নিজস্ব মহাকাশভিত্তিক নজরদারি ব্যবস্থা আরও শক্তিশালী করার উপর জোর দিয়েছেন CDS। ভারতের Space-Based Surveillance Phase-III (SBS-3) প্রকল্পের আওতায় ৫২টি নজরদারি উপগ্রহ তৈরি ও উৎক্ষেপণের পরিকল্পনা রয়েছে। এই প্রকল্পে বরাদ্দ করা হয়েছে প্রায় ২৬,৯৬৮ কোটি টাকা। এর মাধ্যমে দেশের সীমান্ত, আকাশসীমা এবং ভারত মহাসাগরীয় অঞ্চলে নজরদারি আরও উন্নত হবে।
রাষ্ট্রপতির সুপারিশে নতুন অধ্যায়, সংসদীয় রাজনীতিতে বড়সড় সমীকরণ
প্রকল্পে ISRO তৈরি করবে ২১টি উপগ্রহ। বাকি ৩১টি তৈরি করবে বেসরকারি সংস্থাগুলি। ২০২৯ সালের শেষের মধ্যে প্রকল্পটি সম্পূর্ণ করার লক্ষ্য রয়েছে।
CDS-এর বক্তব্য, চিনের কাছে যতগুলি উপগ্রহ রয়েছে, ভারতেরও ততগুলি উপগ্রহ তৈরি করার প্রয়োজন নেই। বরং দেশের সীমান্তে নজরদারি এবং একই জায়গায় বারবার পর্যবেক্ষণের মধ্যবর্তী সময় (Revisit Time) কমিয়ে আনার মতো প্রয়োজনীয় সক্ষমতা তৈরি করাই ভারতের লক্ষ্য। শুক্রবার নয়াদিল্লিতে ভবিষ্যতের যুদ্ধ এবং ভারতের সামরিক প্রস্তুতি নিয়ে একটি আলোচনাসভায় এই মন্তব্য করেন জেনারেল রাজা সুব্রহ্মণী। তাঁর মতে, ভবিষ্যতের যুদ্ধে মহাকাশ প্রযুক্তি, সামরিক যোগাযোগ এবং গোয়েন্দা নজরদারি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে।




