HomeBig Breakingরাজধানীতে রাজনৈতিক ঝড়ের ইঙ্গিত, জরুরি সফরে দিল্লি যাচ্ছেন মমতা

রাজধানীতে রাজনৈতিক ঝড়ের ইঙ্গিত, জরুরি সফরে দিল্লি যাচ্ছেন মমতা

দলের সাংসদদের ভয় দেখানো হচ্ছে, দাবি মমতার

ওয়েব ডেস্ক: সাংসদদের ঘিরে উদ্বেগ, বিশেষ অধিবেশনের আগে জরুরি সফরে দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।কলকাতা থেকে আচমকাই দিল্লির পথে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংসদের বিশেষ অধিবেশন ঘিরে যখন জাতীয় রাজনীতিতে উত্তেজনা তুঙ্গে, তখনই তাঁর এই জরুরি সফর ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। শনিবার বিকেলে কালীঘাটের বাড়ির সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজেই দিল্লি যাওয়ার কথা ঘোষণা করেন তিনি। মমতার দাবি, দলের সাংসদদের ভয় দেখানো হচ্ছে। পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতেই রাজধানীতে যাচ্ছেন তিনি।

মমতা জানান, দলের একাধিক প্রবীণ নেতা তাঁকে বারবার ফোন করে দিল্লিতে যাওয়ার অনুরোধ করেছেন। এমনকী তাঁর যাতায়াতের জন্য চার্টার্ড বিমানের ব্যবস্থাও করা হয়েছিল। যদিও শেষ পর্যন্ত এয়ার ইন্ডিয়ার উড়ানেই যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। দিল্লিতে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখার পর পরবর্তী পদক্ষেপ স্থির করবেন বলে জানিয়েছেন তৃণমূলনেত্রী। তবে ঠিক কী কারণে তাঁকে জরুরি ভিত্তিতে ডেকে পাঠানো হয়েছে, সে বিষয়ে এখনও স্পষ্ট ধারণা নেই বলেও জানিয়েছেন তিনি।

আরও পড়ুন 

‘নারীশক্তিকে প্রতিশ্রুতি দিয়েছি, তা পূরণ করতে আমরা সংকল্পবদ্ধ’ বার্তা মোদির

তাৎপর্যপূর্ণভাবে, আগামী ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন শুরু হওয়ার কথা। মহিলা সংরক্ষণ এবং লোকসভায় আসন পুনর্বিন্যাস সংক্রান্ত প্রস্তাব ঘিরে ইতিমধ্যেই বিরোধী শিবিরে আলোচনা শুরু হয়েছে। এই পরিস্থিতিতে বিরোধী সাংসদদের একজোট রাখাই এখন বড় চ্যালেঞ্জ। কংগ্রেস-সহ বিরোধী দলগুলি নিজেদের সাংসদদের দিল্লিতে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে।

অন্যদিকে, তৃণমূল ভবনে কলকাতা পুরসভার নোটিস ঘিরেও উদ্বেগ প্রকাশ করেছেন মমতা। সব মিলিয়ে দলের সাংগঠনিক সংকট, সাংসদদের অবস্থান এবং সংসদের আসন্ন লড়াই—তিনটি বিষয়ই তাঁর দিল্লি সফরকে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ করে তুলেছে। রাজধানীতে বিরোধী নেতৃত্বের সঙ্গে তাঁর বৈঠক কোন নতুন সমীকরণের জন্ম দেয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments