ওয়েব ডেস্ক : বাড়িতে শীতাতপ নিয়ন্ত্রিত ঘর, রয়েছে চার চাকার গাড়ি। পরিবারের সদস্যদের কেউ কেউ আবার সরকারি চাকরিও করেন। অথচ প্রতি মাসে নিয়ম করে উঠছে গরিবের জন্য বরাদ্দ বিনামূল্যের রেশন! কেন্দ্রীয় খাদ্য মন্ত্রকের সাম্প্রতিক সমীক্ষায় এমনই চাঞ্চল্যকর ছবি সামনে এসেছে। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা (পিএমজিকেএওয়াই)-র সুবিধা পাওয়ার ক্ষেত্রে অনিয়মের নিরিখে দেশের মধ্যে শীর্ষে পশ্চিমবঙ্গ। সমীক্ষা অনুযায়ী, রাজ্যের ৩৯.৫ শতাংশ উপভোক্তাই এই প্রকল্পের নির্ধারিত যোগ্যতার মাপকাঠি পূরণ করেন না।
২০২৫-২৬ অর্থবর্ষে দেশের ৩৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে সমীক্ষা চালানো হয়। মোট ৫১,৩০৩ জন উপভোক্তা, ভিজিল্যান্স কমিটির ২,০৩৬ জন সদস্য, ৪,৯৩৯টি রেশন দোকান এবং ২৪৫টি গুদামকে এই সমীক্ষার আওতায় রাখা হয়েছিল। জাতীয় স্তরে অযোগ্য উপভোক্তার হার ১৩.২ শতাংশ। পশ্চিমবঙ্গের পরেই রয়েছে ত্রিপুরা (৩৯.২ শতাংশ), তামিলনাড়ু (৩৮.৭ শতাংশ), মেঘালয় (২৮.৫ শতাংশ) এবং বিহার (২৫.৫ শতাংশ)।
রিপোর্টে এই ধরনের অনিয়মকে বলা হয়েছে ‘ইনক্লুশন এরর’। অর্থাৎ, যাঁদের প্রকল্পের সুবিধা পাওয়ার কথা নয়, তাঁদের নামও উপভোক্তার তালিকায় রয়েছে। পরিবারের কোনও সদস্য স্থায়ী সরকারি চাকরি করলে, আয়কর বা পেশাগত কর দিলে, চার চাকার গাড়ি থাকলে কিংবা নির্দিষ্ট সীমার বেশি আয় বা সম্পত্তি থাকলে সংশ্লিষ্ট পরিবার অযোগ্য বলে বিবেচিত হতে পারে।
এই প্রকল্পে অন্ত্যোদয় পরিবার মাসে ৩৫ কেজি এবং প্রায়োরিটি হাউসহোল্ডের সদস্যেরা মাথাপিছু পাঁচ কেজি খাদ্যশস্য পান। অক্টোবরের হিসাব অনুযায়ী, দেশজুড়ে ৭৮.৬৩ কোটি মানুষ এই সুবিধা পাচ্ছেন।
২০২৫-২৬ অর্থবর্ষে খাদ্য ভর্তুকিতে কেন্দ্রের খরচ হয়েছে ২.২৮ লক্ষ কোটি টাকা। জাতীয় খাদ্য সুরক্ষা আইন অনুযায়ী, উপভোক্তার সংখ্যা নির্ধারণ করে কেন্দ্র, কিন্তু যোগ্য পরিবার চিহ্নিত করার দায়িত্ব রাজ্যের। ফলে সমীক্ষার রিপোর্ট ঘিরে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।




