নিজস্ব প্রতিনিধি: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের দাবিতে ‘ইন্ডিয়া’ জোটের বিক্ষোভ বৃহস্পতিবার আরও তীব্র হওয়ার ইঙ্গিত। ‘ভোটচুরি’ এবং এসআইআর-এ অনিয়মের অভিযোগ তুলে দিল্লির রাজপথে ফের নামবেন বিরোধী সাংসদেরা। এদিন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বিরোধী সাংসদদের মধ্যাহ্নভোজে আমন্ত্রণ জানিয়েছেন। সমাজবাদী পার্টিও বিক্ষোভে যোগ দিতে পারে।
এই বিক্ষোভ ঘিরে প্রস্তুত দিল্লি পুলিশও। সংসদ মার্গ, অশোক রোড, জনপথ রোড-সহ গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। প্রায় পাঁচ হাজার পুলিশকর্মী মোতায়েনের পরিকল্পনা রয়েছে।
অন্য দিকে, বৃহস্পতিবার সকালে পাটনায় জ্ঞানেশ-বিরোধী ‘লোকভবন অভিযান’-এ উত্তেজনা ছড়ায়। নেতৃত্বে ছিলেন তেজস্বী যাদব। লোকভবনের আগেই মিছিল আটকে দেয় পুলিশ। ব্যারিকেডে উঠে প্রতিবাদ করেন তেজস্বী। পরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। তেজস্বী, মিসা ভারতী এবং মুকেশ সাহনিকে আটক করা হয়। তেজস্বীর অভিযোগ, জ্ঞানেশকে আড়াল করছে সরকার। একই দাবিতে তেলঙ্গানাতেও ‘ইন্ডিয়া’-র কর্মসূচিকে ঘিরে উত্তেজনার খবর মিলেছে।




