ওয়েব ডেস্কঃ হয়ে গিয়েছে ইজরায়েলের সাধারণ নির্বাচন। এখনও হয়নি ফলপ্রকাশ। বুথ ফেরত সমীক্ষায় ফুটে উঠেছে অনিশ্চয়তা। আগামী দিনে দেশ কোন পথে হাঁটবে। ভোটগণনার পর প্রায় ৪৮ ঘণ্টা কেটে গেলেও তা স্পষ্ট নয়। বোঝা যাচ্ছে না বেঞ্জামিন নেতানিয়াহু কুর্সি ধরে রাখতে পারবেন কিনা। আবার বিরোধী জোটের নেতা গাদি আইজেনকোটের হাতে ক্ষমতা যাবে কিনা তাও বোঝা যাচ্ছে না। এমন পরিস্থিতিতে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন ইজরায়েল এখন ‘রাম ভরোসে’।
আগামী দিনে কে বসবে ইজরায়েলের মসনদে তার অনেকটাই নির্ভর করছে এই রামের উপর। ইজরায়েলের রাজনীতিতে কীভাবে রাম এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল। আসলে রাম হল একটি রাজনৈতিক দল, পোষাকি নাম ইউনাইটেড আরব লিস্ট। দলটি আরব পার্টিস এর মধ্যেই পড়ে। সূত্রের খবর, আপাতত নির্বাচনের যে ফলাফল তাতে এই রামের হাতেই গিয়েছে আটটি আসন। আরেক আরব দল জয়েন্ট লিস্টের দখলে গিয়েছে ১১টি আসন। সবমিলিয়ে ১৯টি আসন জিততে চলেছে আরব দলগুলি। মনে করা হচ্ছে শেষ পর্যন্ত তাঁরাই হয়ে উঠতে পারে ‘কিংমেকার’।
নেতানিয়াহুর দল ম্যাজিক ফিগার ৬১ থেকে অনেক দূরে। শেষ খবর পাওয়া পর্যন্ত ৯১ শতাংশ ভোট গোনা হয়ে গিয়েছে। নেতানিয়াহুর জোট এগিয়ে ৫৩টি আসনে। অন্যদিকে আইজেনকোটের দখলে যেতে পারে ৫০টি আসন। এই পরিস্থিতিতে আরব দল রাম এবং জয়েন্ট লিস্ট যাঁর দিকে ঝুঁকবে সরকার তাঁর। সরকারে শরিক হওয়ার জন্য ইতিমধ্যেই দাবি দাওয়া তৈরি করে ফেলেছে রাম। এতদিন পর্যন্ত কোনও আরব দলই জোট সরকারে শরিক হয়নি। কিন্তু সেই অসম্ভবটাই এবার সম্ভব হতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকদের মত। সব মিলিয়ে সত্যিই ইজরায়েল এখন ‘রাম ভরোসে’।




