ওয়েব ডেস্ক: উৎসবের মরশুমে ফের ইডি হানা রাজ্যে। কালীপুজোর আগে ২৯০ কোটি আর্থিক প্রতারণার শিকড়ের খোঁজ পেতে চাইছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। শুক্রবার কলকাতা সহ রাজ্যের ৪ জেলায় পৌঁছে গিয়েছেন আধিকারিকরা। এক বেসরকারি সংস্থার ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি চালাচ্ছেন আধিকারিকরা।
এদিন সকাল হতেই ইডি আধিকারিকরা কয়েকটি দলে ভাগ হয়ে কলকাতা, হাওড়া, হুগলি ও আসানসোলে পৌঁছে গিয়েছেন। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে তাঁরা দরজা কড়া নাড়েন। জানা গিয়েছে, হাওড়ার সচিন জৈন ও উত্তরপাড়ার সুদীপ্ত ঘোষের বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়। ঝাড়খণ্ডের বিদ্যুৎকেন্দ্রের টাকা কলকাতায় পাচার এবং ভুয়ো সংস্থার মাধ্যমে কালো টাকা সাদা করার অভিযোগ উঠেছে। এই অভিযোগের তদন্ত করতেই হাজির হয়েছেন আধিকারিকরা। তল্লাশিতে কী কী নথি পাওয়া গিয়েছে, সেই বিষয়ে কিছু জানা যায়নি।
আরও পড়ুন-
রাজনীতির ইতিহাসে অমলিন স্মৃতি, প্রিয়রঞ্জনের নামে রাস্তার দাবি ঘিরে আবেগের আবেদন
সূত্রের খবর, এদিন সকালে হাওড়ার বিবেক বিহার আবাসনের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট তরুণ কুমার জৈনের বাড়িতে হানা দিয়েছেন তদন্তকারীরা। তাঁর বিভিন্ন নথিপত্র খতিয়ে দেখা দেখছেন তদন্তকারীরা। লেকটাউন এবং আসানসোলের দুই চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের বাড়িতেও চলছে তল্লাশি।




