ওয়েব ডেস্ক: গন্তব্যে পৌঁছতে অ্যাপ বাইক বুক করেছিলেন মহিলা। আচমকাই পিছন থেকে বিশাল ধাক্কা এক চারচাকার। টাল সামাল দিতে না পেরে বাইক থেকে পড়ে যান মহিলা ও চালক। ঘটনা দেখে ছুটে আসে স্থানীয়রা। পরিস্থিতি বেগতিক বুঝে চম্পট ঘাতক গাড়ির। ঘটনাটি ঘটেছে নিউটাউন এলাকায়। ঘটনার তদন্তে নেমে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য।
জানা গিয়েছে, অ্যাপ বাইক বুক করে গন্তব্যে যাচ্ছিলেন মহিলা। সেই বাইকে আচমকা একটি গাড়ি ধাক্কা মারে। প্রথমে বিষয়টি বোঝা না গেলেও তদন্তে নেমে পুলিশ জানতে পারে, যে গাড়িটি বাইকটিকে ধাক্কা মারে, সেটি চালাচ্ছিলেন আহত মহিলার স্বামী। স্ত্রীকে ফলো করে ধাক্কা মারার অভিযোগ উঠেছে। কেষ্টপুরে বাড়ি ভাড়া নিয়ে থাকতেন সুকৃতি নামে ওই মহিলা। বিউটিপার্লারে কাজ করেন তিনি। নিউটাউনের অ্যাকশন এরিয়া ওয়ান BG ব্লকের সামনে বাইকের পিছনে ধাক্কা মারে গাড়িটি। কী কারণে স্ত্রীকে ধাক্কা মারলেন, সেই বিষয়টি জানা যায়নি।
আরও পড়ুন-
পুলিশের লাঠির ভয় উপেক্ষা করে গণতন্ত্র রক্ষার লড়াইয়ে দিল্লি যাওয়ার ডাক রাহুল গান্ধীর
প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়িটি প্রথমবার ধাক্কা মারার পর দ্বিতীয়বার ফিরে আসে। লোকজন জড়ো হয়ে যাওয়ায় পালিয়ে যান তিনি। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। আহতদের এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।




