ওয়েব ডেস্ক: বঙ্গে বিধানসভা নির্বাচনের আগে SIR প্রক্রিয়ার মাধ্যমে বাদ গিয়ে লক্ষ লক্ষ নাম। এবার টলিপাড়াতেও পড়েছে SIR-র থাবা। রাজ্যে পালাবদলের পরে টলিপাড়াতে স্বরূপ বিশ্বাসের জমানা শেষ হওয়ার পরে ফেডারেশনের প্রথম ভোট হতে চলেছে। ফেডারেশনের নতুন সভাপতি কে হবেন, তাই জন্য নির্বাচন হতে চলেছে। শনিবার ও রবিবার হবে নির্বাচন।
জানা গিয়েছে, আগে সভাপতি বাছাই করার জন্য যে ভোট হয়, সেখানে ভোটার সংখ্যা প্রায় ৮ হাজার। কিন্তু এবার সেখানে ভোট দেবেন প্রায় ৪১১০ জন। শনিবার ভোট দেবেন ২৪১০ বৈধ ভোটার। দ্বিতীয় দিনের বৈধ ভোটার ১৭০০। জানা গিয়েছে, প্রায় ১ হাজার ভোটারের নাম বাদ গিয়েছে।
স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে একনায়কতন্ত্র ও দুর্নীতির নানা অভিযোগ ওঠার পর টলিপাড়ায় গণতান্ত্রিক উপায়ে স্বচ্ছতা আনতে নির্বাচনের দাবি জোরালো হয়েছিল। সেই নির্বাচনই হতে চলেছে রাত পোহালে। গত বুধবার ছিল নমিনেশন জমা ও তোলার শেষ দিন। ইতিমধ্যেই ৭টি গিল্ডে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয় মিলেছে। এই গিল্ডগুলি হল ডিরেক্টরস গিল্ড, ডান্সার গিল্ড, প্রোডাকশন ম্যানেজার গিল্ড, প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট গিল্ড, লাইট অপারেটর্স গিল্ড, ড্রাইভার্স গিল্ড ও মিউজিশিয়ানস গিল্ড। বাকি ১৬টি গিল্ডের মধ্যে শনিবার ৫টি গিল্ডের নির্বাচন হবে।




