HomeScrollপুলিশের লাঠির ভয় উপেক্ষা করে গণতন্ত্র রক্ষার লড়াইয়ে দিল্লি যাওয়ার ডাক রাহুল...

পুলিশের লাঠির ভয় উপেক্ষা করে গণতন্ত্র রক্ষার লড়াইয়ে দিল্লি যাওয়ার ডাক রাহুল গান্ধীর

ভোটার তালিকায় অনিয়ম এবং ‘ভোট চুরি’র অভিযোগকে সামনে রেখে এই কর্মসূচির আয়োজন

নয়াদিল্লি: পুলিশের লাঠির ভয় উপেক্ষা করে গণতন্ত্র ও সংবিধান রক্ষার লড়াইয়ে সামিল হওয়ার ডাক দিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। আগামী ১ নভেম্বর দিল্লির রামলীলা ময়দানে ‘চলো দিল্লি’ পদযাত্রা ও মহাসমাবেশে যোগ দিতে সাধারণ মানুষ, পড়ুয়া এবং বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের ছাত্র সংগঠনগুলির কাছে আবেদন জানিয়েছেন তিনি। ভোটার তালিকায় অনিয়ম এবং ‘ভোট চুরি’র অভিযোগকে সামনে রেখে এই কর্মসূচির আয়োজন করেছে বিরোধী শিবির।

বৃহস্পতিবার সমাজমাধ্যমে প্রকাশিত একটি ভিডিয়ো বার্তায় রাহুল বলেন, এই পদযাত্রা কোনও একটি রাজনৈতিক দলের কর্মসূচি নয়। তাঁর কথায়, এটি দেশের গণতন্ত্র, সংবিধান এবং মানুষের অধিকার রক্ষার লড়াই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ক্ষোভ রয়েছে, এমন মানুষদেরও সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন

মোদির কটাক্ষের পরেই নাগপুরে খাতা খুলল কংগ্রেস, RSS-গড়ে ধাক্কা বিজেপির

পুলিশি বাধা বা লাঠিচালনার আশঙ্কায় আন্দোলনকারীদের পিছিয়ে না আসার বার্তাও দিয়েছেন কংগ্রেস নেতা। তাঁর দাবি, গণতন্ত্র রক্ষা এবং নিজেদের মতপ্রকাশের স্বাধীনতা বজায় রাখতে নাগরিকদের একজোট হওয়া প্রয়োজন। বিশেষ করে ছাত্রছাত্রীদের উদ্দেশে তাঁর আবেদন, রাজনৈতিক পরিচয় যা-ই হোক, দেশের গণতান্ত্রিক পরিবেশ নিয়ে উদ্বেগ থাকলে তাঁরা যেন এই কর্মসূচিতে অংশ নেন।

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর-কে কেন্দ্র করে নির্বাচন কমিশনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই সরব কংগ্রেস-সহ বিরোধী দলগুলি। বিরোধীদের অভিযোগ, এই প্রক্রিয়ায় ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে এবং নির্বাচনী ব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে। সেই অভিযোগের প্রতিবাদেই আন্দোলনকে সংসদের বাইরে বৃহত্তর জনসমাবেশে পরিণত করতে চাইছে ‘ইন্ডিয়া’ জোট। তবে ভোটার তালিকা সংশোধন নিয়ে বিরোধীদের অভিযোগের সঙ্গে একমত নয় নির্বাচন কমিশন। ১ নভেম্বরের সমাবেশে কতটা জনসমাগম হয়, তা বিরোধী ঐক্য এবং ‘ভোট চুরি’ প্রচারের জনভিত্তি যাচাইয়ের গুরুত্বপূর্ণ পরীক্ষা হতে চলেছে।

 

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments