HomeBig Breakingরাজনৈতিক হিংসায় নিহতদের পরিবারকে চাকরি, প্রশাসনিক প্রস্তুতি শুরু শুভেন্দু সরকারের

রাজনৈতিক হিংসায় নিহতদের পরিবারকে চাকরি, প্রশাসনিক প্রস্তুতি শুরু শুভেন্দু সরকারের

ওয়েব ডেস্ক: রাজনৈতিক হিংসায় প্রাণ হারানো ব্যক্তিদের পরিবারের পাশে দাঁড়াতে সরকারি চাকরির ব্যবস্থা করার উদ্যোগ নিল পশ্চিমবঙ্গের নতুন সরকার। এই ধরনের ঘটনায় নিহতদের পরিবারের একজন সদস্যকে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার পরিকল্পনা করছে নবান্ন। ইতিমধ্যেই প্রস্তাবটি কার্যকর করার লক্ষ্যে প্রশাসনিক প্রস্তুতি শুরু করেছে রাজ্যের স্বরাষ্ট্র দফতর। তবে বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেয়নি রাজ্য মন্ত্রিসভা।

প্রশাসনিক সূত্রে খবর, প্রাথমিক ভাবে ২০২১ সালের পর থেকে রাজ্যে রাজনৈতিক হিংসায় নিহতদের পরিবারগুলিকে এই প্রকল্পের আওতায় আনার কথা ভাবা হচ্ছে। বিশেষত যে সব পরিবারের একমাত্র উপার্জনকারী সদস্য রাজনৈতিক সংঘর্ষে প্রাণ হারিয়েছেন, তাঁদের আর্থিক সুরক্ষার বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে সরকার। প্রস্তাব অনুযায়ী, সংশ্লিষ্ট পরিবারের একজন সদস্যকে হোমগার্ড অথবা সরকারি দফতরে চাকরি দেওয়া হতে পারে।

তবে নিয়োগের ধরন কী হবে, চাকরি স্থায়ী হবে না চুক্তিভিত্তিক, তা এখনও চূড়ান্ত হয়নি। পুলিশে হোমগার্ড অথবা কনস্টেবল পদে নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি শারীরিক সক্ষমতার নির্দিষ্ট মাপকাঠিও পূরণ করতে হবে আবেদনকারীদের।

উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের পর ভোট-পরবর্তী হিংসা নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল হয়েছিল। সেই সময়ে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণাও করেছিল তৎকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। অন্য দিকে, মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর শুভেন্দু অধিকারীও রাজনৈতিক হিংসায় নিহত বিজেপি কর্মীদের পরিবারের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন।

নতুন উদ্যোগ বাস্তবায়িত হলে রাজনৈতিক হিংসায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পুনর্বাসনে সরকারি পদক্ষেপের একটি নতুন অধ্যায় তৈরি হতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য এখন মন্ত্রিসভার অনুমোদনের অপেক্ষা।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments