ওয়েব ডেস্ক : নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় চলছে বৃষ্টি। বুধবার রাত থেকেই পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে বৃষ্টির দাপট বেড়েছে। কলকাতা-সহ পার্শ্ববর্তী জেলাগুলিতেও আকাশের মুখ ভার।ঘূর্ণিঝড়ের প্রভাব শুধু দক্ষিণবঙ্গেই সীমাবদ্ধ নয়। উত্তরবঙ্গের একাধিক জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে রাজ্যের বিভিন্ন প্রান্তে আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। অন্যদিকে ক্যালেন্ডারের পাতা বলছে নভেম্বর আসতে আর কয়েকটাদিন বাকি। শীতের অপেক্ষায় থাকা মানুষের একটাই প্রশ্ন, বৃষ্টির পরেই কি নামবে তাপমাত্রা?
দিনে রোদের দেখা মিলছে। আর রাত বাড়তেই কমছে তাপমাত্রা। শহরতলি ও গ্রামের দিকে বেশ শীত শীত অনুভূতি শুরু হয়ে গিয়েছে। আর এই আবহেই অনেকেরই প্রশ্ন, তবে কি চলতি বছরে আগেই শীত পড়ে যাবে? উত্তর ভারতে শীতের আগমন ক্রমশ স্পষ্ট হচ্ছে। হিমাচল প্রদেশের উঁচু পার্বত্য এলাকা থেকে দিল্লির সমতল, সর্বত্রই হু হু করে নামছে তাপমাত্রা। অক্টোবরের শেষেই হিমাচল প্রদেশের একাধিক জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা হিমাঙ্কের নীচে নেমে গিয়েছে। আইএমডি) জানিয়েছে, মঙ্গলবার দিল্লির সফদরজংয়ে সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৩ ডিগ্রি সেলসিয়াস। এটা স্বাভাবিকের তুলনায় ১.৯ ডিগ্রি কম। যার ফলে বেশ শীত উপভোগ করছে দিল্লিবাসী। কিন্তু বঙ্গে এখনও শীতের দেখা পেতে খানিক অপেক্ষা করতে হবে। শীতের আমেজের অপেক্ষায় থাকলেও আপাতত তাপমাত্রার বড়সড় পতনের নিশ্চিত ইঙ্গিত নেই। বরং পরবর্তী দু’দিনের পর সর্বোচ্চ তাপমাত্রা আবার ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টি ও মেঘলা আবহাওয়ায় সাময়িক স্বস্তি মিললেও তা স্থায়ী শীতের আগমনের সংকেত নয়।
আরও পড়ুন
এই অবস্থায় আগামী কয়েকদিন কেমন থাকবে বাংলার ২৩ জেলার আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক সেই আপডেট। বাংলার উপর ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব না পড়লেও, ফের দুর্যোগে আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ২৯ অক্টোবর দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামের এক দুই জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎসহ ঝোড়ো হাওয়া বইতে পারে। ৩০ অক্টোবর দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির দাপট বজায় থাকবে। পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও জানা গিয়েছে, ৩১ অক্টোবর পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা রয়েছে। ৩১ অক্টোবর থেকে ৪ নভেম্বর দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে জানানো হয়েছে শুধু দক্ষিণ বঙ্গ নয়, উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৩০ অক্টোবর উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দার্জিলিং ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে।




