ওয়েব ডেস্ক : বিধানসভায় বিরোধী দলনেতা কে হবেন, তা নিয়ে তৃণমূলের অন্দরে যখন টানাপড়েন তুঙ্গে, ঠিক তখনই বিষয়টি নিয়ে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর সরাসরি মন্তব্য, ‘তৃণমূলের অস্তিত্বই তো নেই।’ বিরোধী দলনেতা সংক্রান্ত প্রশ্নের জবাবে এই মন্তব্য করে রাজ্যের প্রধান বিরোধী রাজনৈতিক শক্তির সাংগঠনিক পরিস্থিতি নিয়েই প্রশ্ন তুলে দিলেন তিনি।
শুক্রবার কলকাতা হাই কোর্ট বিধানসভার বিরোধী দলনেতা পদে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নিয়োগ খারিজ করে দিয়েছে। বিচারপতি কৃষ্ণ রাওয়ের নির্দেশ, আগামী ১০ দিনের মধ্যে নতুন করে সিদ্ধান্ত নিতে হবে বিধানসভার স্পিকারকে। একই সঙ্গে বিরোধী দলের মুখ্য সচেতক পদে আখরুজ্জামানের নিয়োগও বাতিল করেছে আদালত। শোভনদেব চট্টোপাধ্যায়ের দায়ের করা মামলার প্রেক্ষিতেই এই নির্দেশ।
আদালতের এই রায়ের ফলে বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে নতুন করে জটিলতা তৈরি হয়েছে। তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়পন্থী শিবির এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গণতান্ত্রিক তৃণমূলের মধ্যে ক্ষমতার লড়াই ক্রমশ প্রকাশ্যে এসেছে। বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং নেতৃত্বের প্রশ্নও সেই সংঘাতের কেন্দ্রে।
লেনিন সরণি থেকে স্ট্র্যান্ড রোড, বদলাতে পারে কলকাতার একাধিক রাস্তার নাম!
এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর মন্তব্য রাজনৈতিক ভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ, এক সময় রাজ্যের শাসনক্ষমতায় থাকা তৃণমূল এখন বিধানসভার ভিতরে নেতৃত্বের প্রশ্নেই ঐক্যবদ্ধ অবস্থান নিতে পারছে না। দলের সাংগঠনিক ভাঙনকে হাতিয়ার করেই বিরোধীদের নিশানা করছে বিজেপি।
স্পিকারের সামনে এখন নতুন করে বিরোধী দলনেতা নির্বাচনের চ্যালেঞ্জ। কিন্তু তার আগেই শুভেন্দুর কটাক্ষ স্পষ্ট করে দিল, তৃণমূলের অভ্যন্তরীণ সংঘাতকে রাজনৈতিক ময়দানে ছাড় দিতে নারাজ শাসক বিজেপি।




