HomeTop Newsলেনিন সরণি থেকে স্ট্র্যান্ড রোড, বদলাতে পারে কলকাতার একাধিক রাস্তার নাম!

লেনিন সরণি থেকে স্ট্র্যান্ড রোড, বদলাতে পারে কলকাতার একাধিক রাস্তার নাম!

শুধু রাস্তা নয়, মেট্রো স্টেশনেও নামবদলের প্রস্তাব! কলকাতায় বড়সড় পরিবর্তনের ভাবনা

ওয়েব ডেস্ক : কলকাতার একাধিক রাস্তা ও মেট্রো স্টেশনের নাম বদলের প্রস্তাব ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। লেনিন সরণি-সহ শহরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তার নাম পরিবর্তনের পরিকল্পনা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কমিটি। শুধু রাস্তা নয়, কলকাতার একাধিক মেট্রো স্টেশনের নাম পরিবর্তনের প্রস্তাবও পাঠানো হতে পারে। তবে প্রস্তাব মানেই চূড়ান্ত সিদ্ধান্ত নয়।

শুক্রবার, ২৭ নভেম্বর কলকাতা পুরসভার সদর দফতরে নামকরণ কমিটির বৈঠকে বেশ কয়েকটি রাস্তার নাম পরিবর্তনের প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে।লেনিন সরণি নাম পরিবর্তনের প্রস্তাব উঠেছে। তবে নতুন নাম এখনও চূড়ান্ত হয়নি। স্ট্র্যান্ড রোড নাম বদলে ‘সম্রাট শশাঙ্ক সরণি’ করার আলোচনা অনেকটাই এগিয়েছে। বিশ্ব বাংলা সরণি নতুন নাম হিসেবে ‘সত্যেন বোস সরণি’র প্রস্তাব এসেছে। হো চি মিন সরণি এই রাস্তার নাম পরিবর্তন নিয়েও আলোচনা চলছে। এছাড়াও চৌরঙ্গি রোড, এলিয়ট রোড, রাসবিহারী কানেক্টর, পার্ক সার্কাস কানেক্টর-সহ একাধিক রাস্তার নাম পরিবর্তনের প্রস্তাব বিবেচনায় রয়েছে।

কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন রাস্তাঘাটের নামকরণ ও পরিবর্তনের জন্য দু’মাস আগে কমিটি গড়েছিল শুভেন্দু অধিকারীর সরকার। স্বামী প্রদীপ্তানন্দ ওরফে কার্তিক মহারাজের নেতৃত্বে ওই কমিটি শুক্রবার বৈঠকে বসেছিল কলকাতা পুরসভায়। কমিটির অন্যতম সদস্য তথাগত রায়ের বক্তব্য, ব্যক্তিবিশেষের নামে মেট্রো স্টেশন থাকায় অনেক সময় যাত্রীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়। তাই সংশ্লিষ্ট এলাকার নাম অনুযায়ী স্টেশনগুলির নাম রাখার প্রস্তাব দেওয়া হবে।

কমিটির প্রধান কার্তিক মহারাজ বলেন, “আরও ২৪টি (রাস্তার) নাম নিয়ে প্রস্তাব এসেছে। সেগুলি আলোচনা করে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হবে।”

আগামী ৯ ডিসেম্বর ফের বৈঠকে বসবে কমিটি। কলকাতা পুরসভাকে পুরনো রাস্তার নাম ও তার ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে গবেষণা করতে বলা হয়েছে।অন্যদিকে, মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, স্টেশনের নাম চূড়ান্ত করার ক্ষেত্রে তাদের একক ভূমিকা নেই। রাজ্য সরকারের প্রস্তাব পাওয়ার পর রেল বোর্ডের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত নাম নির্ধারণ করা হয়। এখনও এ বিষয়ে মেট্রো কর্তৃপক্ষের কাছে কোনও আনুষ্ঠানিক প্রস্তাব পৌঁছয়নি।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments