ওয়েব ডেস্ক : লাইভ অনুষ্ঠানে ভয়াবহ বিপত্তি! মুখে এসে আছড়ে পড়ল ড্রোন, মাঝপথেই গান থামিয়ে মঞ্চ ছাড়লেন ‘ধুরন্ধর’ খ্যাত গায়িকা রেবেল। সেই ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার, ২৬ নভেম্বর অসমের গুয়াহাটিতে আয়োজিত PULSE 2026 Awards অনুষ্ঠানে। মঞ্চে পারফর্ম করছিলেন র্যাপার ও গায়িকা রেবেল। আচমকাই একটি ড্রোন উড়ে এসে তাঁর মুখে ধাক্কা মারে। আচমকা এই ঘটনায় কার্যত হতচকিত হয়ে যান শিল্পী। কিছুক্ষণের জন্য গান থামিয়ে দেন তিনি। এরপর আর পারফরম্যান্স চালিয়ে না গিয়ে মঞ্চ ছেড়ে বেরিয়ে যান।
সেদিন মঞ্চে ‘ধুরন্ধর’ ছবির জনপ্রিয় গান ‘Run Down The City: Monica’ পরিবেশন করছিলেন তিনি। সেই সময়ই ঘটে বিপত্তি। অনুষ্ঠানে উপস্থিত এক ব্যক্তির শেয়ার করা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই বিষয়টি সামনে আসে।
রেবেলের আসল নাম Daiaphi Lamare। মেঘালয়ের ওয়েস্ট জয়ন্তিয়া হিলসের বাসিন্দা তিনি। স্বাধীন সঙ্গীতের দুনিয়ায় কাজের মাধ্যমে পরিচিতি তৈরি করেছিলেন। তবে আদিত্য ধরের ‘ধুরন্ধর’ ছবিতে তাঁর কণ্ঠে ‘Run Down The City – Monica’, ‘Naal Nachna’ এবং ‘Move – Yeh Ishq Ishq’ গানগুলি জনপ্রিয়তা পাওয়ার পর জাতীয় স্তরে পরিচিতি বেড়েছে।
এই ঘটনায় অনুরাগীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তবে ২৭ নভেম্বর পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, রেবেল নিজে তাঁর শারীরিক অবস্থা নিয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেননি। তিনি গুরুতর আহত হয়েছেন কি না, তা-ও এখনও স্পষ্ট নয়।