HomeBig Breakingঋতব্রতকে বিরোধী দলনেতা করার সিদ্ধান্ত খারিজ, স্পিকারকে ১০ দিনের নির্দেশ হাইকোর্টের

ঋতব্রতকে বিরোধী দলনেতা করার সিদ্ধান্ত খারিজ, স্পিকারকে ১০ দিনের নির্দেশ হাইকোর্টের

আদালত নির্দেশ দিয়েছে, আগামী ১০ দিনের মধ্যে স্পিকারকে নতুন করে সিদ্ধান্ত নিতে হবে

কলকাতা: কলকাতা হাই কোর্টে বড় ধাক্কা খেলেন বিধানসভার স্পিকার রথীন্দ্র বসু। বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত খারিজ করে দিল আদালত। শুক্রবার বিচারপতি কৃষ্ণ রাওয়ের একক বেঞ্চ নির্দেশ দিয়েছে, আগামী ১০ দিনের মধ্যে স্পিকারকে নতুন করে সিদ্ধান্ত নিতে হবে। ফলে রাজ্যের বিরোধী দলনেতার পদ ঘিরে রাজনৈতিক ও আইনি সংঘাত ফের তীব্র হল। দিল্লির নির্বাচন কমিশনে যখন আসল তৃণমূলকে তা নিয়ে শুনানি হচ্ছে ঠিক সেই সময় কলকাতা হাইকোর্ট এক খোঁচায় কেড়ে নিল ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতার পদ।

গত ৩ জুন ঋতব্রতকে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন স্পিকার। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয়েছিলেন মমতা-পন্থী তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। তাঁর যুক্তি ছিল, তৃণমূলের চেয়ারপার্সন হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা পদে শোভনদেবকেই মনোনীত করেছিলেন। সেই মর্মে ৯ মে স্পিকারকে চিঠিও দেওয়া হয়েছিল। কিন্তু সেই চিঠির ভিত্তিতে কোনও পদক্ষেপ না করে পরবর্তী সময়ে বিক্ষুব্ধ বিধায়কদের পাঠানো চিঠির ভিত্তিতে ঋতব্রতকে বিরোধী দলনেতা ঘোষণা করা হয়।

আরও পড়ুন:

রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন দিন ঘোষণা নির্বাচন কমিশনের

উল্লেখ্য, দলবিরোধী কাজের অভিযোগে ১ জুন ঋতব্রত এবং এন্টালির বিধায়ক সন্দীপন সাহাকে তৃণমূল থেকে বহিষ্কার করা হয়েছিল। তার পরেও কী ভাবে বহিষ্কৃত ঋতব্রতকে বিরোধী দলনেতার স্বীকৃতি দেওয়া হল, সেই প্রশ্ন তুলেছিলেন মামলাকারী। চিঠিতে বিধায়কদের স্বাক্ষর জাল করার অভিযোগও সামনে এসেছিল।

এর আগে ১৬ নভেম্বর শুনানিতে স্পিকারের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নিয়ে একাধিক প্রশ্ন তুলেছিলেন বিচারপতি কৃষ্ণ রাও। ৭৮ জন বিধায়কের দাবি উপেক্ষা করে ৫৪ বা ৫৬ জনের বক্তব্যকে কেন গুরুত্ব দেওয়া হয়েছিল, তা নিয়েও প্রশ্ন ওঠে।

১৮ অগস্ট ডিভিশন বেঞ্চ জানিয়েছিল, বিরোধী দলনেতা নির্বাচনে শুধু বিধায়কদের সংখ্যাগরিষ্ঠতা নয়, রাজনৈতিক দলের সিদ্ধান্তও বিবেচনা করতে হবে। এ বার স্পিকারের সিদ্ধান্তই খারিজ হওয়ায় নতুন করে জটিল হল বাংলার বিরোধী রাজনীতির সমীকরণ।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments