ওয়েব ডেস্ক: উচ্চমাধ্যমিক সেমিস্টারের ফলপ্রকাশ। শুক্রবার দুপুরে ফলপ্রকাশ করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ফল প্রকাশের পরেই ওয়েবসাইটে ফলাফল দেখতে পেয়েছে পড়ুয়ারা। সেমেস্টারের মেধাতালিকা প্রকাশ করা হয়নি। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে সাধারণত মেধা তালিকা প্রকাশ করা হয়। কিন্তু সেমেস্টার হওয়ার কারণে মেধা তালিকা প্রকাশ হয়নি। এবারের পরীক্ষায় মোট পাশের হার ৯২.৬২ শতাংশ। পাশের হারে ছাত্রদের তুলনায় সামান্য এগিয়ে ছাত্রীরা।
শিক্ষা সংসদের পক্ষ থেকে এদিন সাংবাদিক সম্মেলন করে জানানো হয়েছে, পাশের হারে সব থেকে এগিয়ে রয়েছে নদিয়া। দ্বিতীয় স্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর। তৃতীয় স্থানে রয়েছে হাওড়া। নদিয়ার পাশের হার ৯৫.৫৮ শতাংশ। পূর্ব মেদিনীপুরের পাশের হার ৯৫.০৯ শতাংশ। হাড়ার পাশের হার ৯৫.৮ শতাংশ। অষ্টম স্থানে রয়েছে কলকাতা। এখানে পাশের হার ৯৩.৪৫।
আগে একাদশ ও দ্বাদশ শ্রেণি মিলিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া হত। পরে দ্বাদশ শ্রেণির পাঠ্যক্রমের ভিত্তিতে পরীক্ষা চালু হয়। এরপর রাজ্যে সেমেস্টার পদ্ধতি কার্যকর করা হয়েছে। সেই নিয়মে একাদশ ও দ্বাদশ শ্রেণি মিলিয়ে পড়ুয়াদের মোট চারটি সেমেস্টারের পরীক্ষায় বসতে হয়।




