ওয়েব ডেস্ক: ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিরোধী জোটের আসন সমঝোতায় নতুন করে দর কষাকষি শুরু। আসন বণ্টনের মাপকাঠি কী হবে, তা নিয়েই সমাজবাদী পার্টি (এসপি) ও কংগ্রেসের মধ্যে মতপার্থক্য স্পষ্ট হচ্ছে। সমাজবাদী প্রধান অখিলেশ যাদবের সাফ কথা, আসন ভাগাভাগিতে সংখ্যার চেয়ে জয়ের সম্ভাবনাকেই বেশি গুরুত্ব দিতে হবে। অন্যদিকে, রাজস্থানে সাম্প্রতিক নির্বাচনী সাফল্য এবং জনস্বার্থের ইস্যুতে নিজেদের রাজনৈতিক জমি শক্ত করার যুক্তি সামনে আনছে কংগ্রেস।
২৩ ও ২৪ নভেম্বর দিল্লিতে দুই দলের মধ্যে আনুষ্ঠানিক আসন সমঝোতার আলোচনা হবে। অখিলেশের বক্তব্য, যে আসনে যে দলের প্রার্থীর জয়ের সম্ভাবনা বেশি, সেই দলকেই সেখানে প্রার্থী দেওয়ার সুযোগ দিতে হবে। বিজেপিকে পরাস্ত করতে বাস্তবসম্মত নির্বাচনী সমীকরণই একমাত্র পথ বলে মনে করছেন তিনি।
আরও পড়ুন:
সংখ্যার অঙ্কে আটকে মোদির সংসদীয় কৌশল, অধিবেশন ঘিরে বাড়ছে অনিশ্চয়তা
কংগ্রেস অবশ্য শুধু প্রার্থীর ব্যক্তিগত জয়-পরাজয়ের হিসাবেই সমঝোতা সীমাবদ্ধ রাখতে নারাজ। দলের উত্তরপ্রদেশের দায়িত্বপ্রাপ্ত নেতা রাজেন্দ্র পাল গৌতমের বক্তব্য, প্রার্থীর গ্রহণযোগ্যতার পাশাপাশি মানুষের স্থানীয় সমস্যা ও জনস্বার্থের বিষয়গুলিও নির্বাচনী কৌশলে গুরুত্ব পাওয়া প্রয়োজন। সাম্প্রতিক রাজস্থান পঞ্চায়েত নির্বাচনে বিজেপিকে পিছনে ফেলে কংগ্রেসের সাফল্যকেও নিজেদের দাবির পক্ষে যুক্তি হিসেবে তুলে ধরছে হাত শিবির।
উল্লেখ্য, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে এসপি ৩৭টি এবং কংগ্রেস ছ’টি আসনে জয়ী হয়েছিল। সেই সাফল্যের ভিত্তিতেই ২০২৭-এর লড়াইয়ে নিজেদের দর বাড়াতে চাইছে দুই শরিক। আসন সমঝোতা চূড়ান্ত করার লক্ষ্য ডিসেম্বরের ২০ তারিখ। তবে জোটের ঐক্যের চেয়ে আসনের অঙ্কই শেষ পর্যন্ত বড় হয়ে উঠবে কি না, সেটাই এখন দেখার।




