কণাদ দাশগুপ্ত
বিজেপি এবং আরএসএসের বিরুদ্ধে ফের সরব কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এ বার ভারতীয় ধর্মীয় ও আধ্যাত্মিক ঐতিহ্যের প্রসঙ্গ টেনে গেরুয়া শিবিরকে নিশানা করলেন তিনি। তাঁদের ‘অসভ্য, লোভী, জাতপাতের মানসিকতায় আচ্ছন্ন পুরুষতান্ত্রিক’ বলে কটাক্ষ করেছেন রাহুল। রবিবার সমাজমাধ্যম এক্সে অর্ধনারীশ্বরের একটি ভাস্কর্যের ছবি পোস্ট করে এই আক্রমণ শানান তিনি।
এলিফ্যান্টা গুহার অর্ধনারীশ্বর মূর্তির ছবিটি পোস্ট করে রাহুল লেখেন, ভারতীয় আধ্যাত্মিক ও ধর্মীয় ঐতিহ্যের গভীরে যত প্রবেশ করছেন, ততই তাঁর কাছে বিষয়টি স্পষ্ট হচ্ছে। তাঁর অভিযোগ, বিজেপি এবং আরএসএসের এই ঐতিহ্য সম্পর্কে কোনও ধারণাই নেই। শিব ও পার্বতীর সম্মিলিত রূপ অর্ধনারীশ্বরের উল্লেখের মধ্য দিয়ে নারী-পুরুষের সমতা এবং ভারতীয় সংস্কৃতির অন্তর্নিহিত দর্শনকেই তুলে ধরতে চেয়েছেন তিনি।
এর আগেও শিব-পার্বতীর একটি দ্বাদশ শতকের মন্দির ভাস্কর্যের ছবি পোস্ট করেছিলেন রাহুল। সেই সময় তাঁর বক্তব্য ছিল, ভয়, রাগ ও ঘৃণার জালে আটকে রয়েছেন বিজেপি-আরএসএসের সমর্থকেরা। সেই জাল থেকে তাঁদের মুক্ত করে ভালবাসা ও আপনত্বের অনুভূতি পৌঁছে দেওয়া নিজের কর্তব্য বলেও মন্তব্য করেছিলেন তিনি।
উল্লেখ্য, সম্প্রতি মা সোনিয়া গান্ধীর স্মৃতিকথা প্রকাশ অনুষ্ঠানে বাবা রাজীব গান্ধীর সঙ্গে মায়ের সম্পর্ক নিয়ে রাহুলের ব্যক্তিগত মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা-সহ বিজেপি নেতারা তাঁর সমালোচনা করেন। কংগ্রেস অবশ্য রাহুলের পাশে দাঁড়িয়ে ভালবাসা, স্নেহ ও সম্পর্কের সমতার পক্ষে তাঁর বক্তব্যকে সমর্থন করেছে। নতুন পোস্টে ফের সাংস্কৃতিক ঐতিহ্যকে হাতিয়ার করে বিজেপি-
আরএসএসের বিরুদ্ধে রাজনৈতিক আক্রমণ তীব্র করলেন রাহুল।




