ওয়েব ডেস্কঃ ‘পাইন বনের গন্ধ মেখে মেঘ পিয়নের বাড়ি, বাগোরার ওই নির্জনতায় মন দিয়েছে পাড়ি।’
দার্জিলিং-এর কোলাহল বা চেনা ভিড় থেকে দূরে প্রকৃতির একান্ত সান্নিধ্যে কটা দিন কাটাতে চান। যেখানে শুধুই মেঘেদের আনাগোনা, পাহাড়, কুয়াশা আর নিস্তবতা ঘিরে থাকে প্রতি মুহূর্ত। উত্তরবঙ্গের ছোট্ট ও শান্ত পাহাড়ি গ্রাম বাগোরা। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭,১০০ ফুট উচ্চতায় অবস্থিত ছবির মতো এই সুন্দর গ্রামটি যেন এক টুকরো শান্তির নীড়। বাগোরার জীবনের গতি অনেক ধীর।
কার্শিয়াংয়ের অদূরে অবস্থিত এই গ্রামের পুরনো দিনের আমেজ এবং সবুজ ঘাষের গালিচা শহরের ক্লান্তি নিমেষেই দূর করে মনকে সতেজ করে তোলে। এখানে ঘুরতে এসে তাড়াহুড়ো করে সাইটসিয়িং ঘোরার কোনও চাপ নেই। পায়ে হেঁটে পুরো গ্রামটি ঘুরে দেখাই বাগোরার সবচেয়ে বড় আকর্ষণ। বাগোরার জির পয়েন্ট থেকে চারপাশের পাহাড় ও প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করা যায়। বার্ড ওয়াচিং ও নেচার ওয়ার্ক এখানে আলাদা আকর্ষণ তৈরি করে। পাইন ও ধুপি গাছের সারির মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে নানা প্রজাতির পাহাড়ি পাখিদের দেখা মিলবে অচিরেই। পাখি প্রেমীদের কাছে যা অনবদ্য।
আরও পড়ুন
প্রথমবার মঞ্চে ফিরেই স্বমহিমায় টাইগার, জনসমক্ষে চেনা ছন্দে অভিনেতা
যাঁরা হাইকিং বা ট্রেকিং করতে ভালোবাসেন তাঁদের জন্য বাগোরা দারুন জায়গা। চটকপুর ও লাটপাঞ্চারের দিকে বেশ কিছু সুন্দর ট্রেকিং রুট রয়েছে। শিলিগুড়ি থেকে বাগোরার দুরত্ব মাত্র ৫৮ কিলোমিটার। দার্জিলিংগামী যে কোনও শেয়ার গাড়িতে চেপে দিলারামে নামতে হবে। সেখান থেকে স্থানীয় গাড়ি রিজার্ভ করে সহজেই পৌঁছে যাওয়া যায় বাগোরায়। পাহাড়ি আতিথেয়তায় নিরিবিলিতে রাত্রীবাসের জন্য রয়েছে সুন্দর আরামদায়ক হোমস্টে। তবে খুব বেশি থাকার জায়গা না থাকায় আগে থেকে বুক করে যাওয়া ভালো।




