ওয়েব ডেস্ক: পরিচালক মধুর ভান্ডারকরের পরবর্তীর ছবির বিষয়বস্তু দেশের রাজনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন ও রাজনৈতিক আদর্শকে বড় পর্দায় তুলে ধরতে চলেছেন জাতীয় পুরষ্কার জয়ী পরিচালক। ছবির নাম ‘শ্যামা দ্য মিসিং চ্যাপ্টার’।
প্রযোজকদের দাবি, এই ছবির মাধ্যমে ইতিহাসের এমন একটি অধ্যায়কে দর্শকের সামনে তুলে ধরার পরিকল্পনা রয়েছে, যা ভারতীয় রাজনীতির গতিপথের সঙ্গে গভীর ভাবে জড়িত। ছবিটির প্রযোজনার দায়িত্বে রয়েছেন আদিত্য কুমার হালওয়াসিয়া। মধুর ভান্ডরকর এন্টারটেইনমেন্ট এবং এ কে এইচ ভেনঞ্চার্সের যৌথ প্রযোজনায় তৈরি হবে এই ছবি।
সূত্রের খবর, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন ও রাজনৈতিক দর্শন, দেশ সম্পর্কে তাঁর ভাবনাকে কেন্দ্র করেই এগোবে ছবির কাহিনী। ঐতিহাসিক প্রেক্ষাপটের সঙ্গে রাজনৈতিক থ্রিলারের মিশেলে তৈরি হয়েছে ছবির চিত্রনাট্য।
পরিচালকের কথায়, প্রথমবার ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন অনুসন্ধান করা আমার কাছে একই সঙ্গে একটি চ্যালেঞ্জ এবং কঠিন কাজ।পরিচালক আরও জানিয়েছেন, শ্যামাপ্রসাদের সততা, দৃষ্টিভঙ্গি ও ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়কে পর্দায় তুলে ধরতে। ছবি কবে মুক্তি পাবে তা খোলসা করেননি পরিচালক।




