পায়েল দাস: পুজো শেষ, এবার নজর বড়দিনের বক্স অফিসে। আর সেখানেই বড় চমক দিলেন পরিচালক সুমন। ঘোষণা হয়ে গেল তাঁর নতুন ছবি ‘ফ্যামিলিওয়ালা’-র মুক্তির তারিখ। আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ছবিটি।
এই বছর ২০ মে, শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে প্রথম ঝলক প্রকাশ্যে এনেছিল প্রযোজনা সংস্থা। তখনই জানা গিয়েছিল, মুখ্য ভূমিকায় থাকছেন শিবপ্রসাদ। এবার মুক্তির তারিখ ঘোষণা হতেই উৎসাহ আরও বেড়ে গেল দর্শকদের মধ্যে।‘ফ্যামিলিওয়ালা’ গল্প একেবারে সাধারণ এক মানুষের। যার হাসি, কান্না, রাগ, অভিমান— সবটাই আমাদের চেনা। পরিবারের জন্য প্রতিদিন লড়াই করে যাওয়া এমনই এক মানুষের জীবনের গল্প নিয়েই এই ছবি। ছবিতে শিবপ্রসাদ ছাড়াও রয়েছেন অনুসূয়া মজুমদার, স্বস্তিকা মুখোপাধ্যায়, সুদীপ্তা চক্রবর্তী, অনিন্দিতা বসু, সুজয় প্রসাদ চট্টোপাধ্যায় এবং লিলি চক্রবর্তী। Windows এবং Mayarila Films নিবেদিত এই ছবি পরিচালনা করেছেন সুমন।
তবে বড়দিনের লড়াইটা সহজ হবে না। একই সময়ে মুক্তি পাচ্ছে দেবের ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’। স্বাধীনতা দিবসে মুক্তির কথা থাকলেও পরে পিছিয়ে যায় ছবিটি। এছাড়া হিন্দি ছবি ‘কিং’ও মুক্তি পাচ্ছে একই সময়ে। ফলে বড়দিনে তিন ছবির জোরদার টক্কর দেখতে চলেছে বাংলা বক্স অফিস।




