ওয়েব ডেস্ক : গঙ্গার দুই পাড়ের দুই ঐতিহাসিক তীর্থক্ষেত্রকে এবার আকাশপথে জুড়তে উদ্যোগী রাজ্য সরকার। দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠ পর্যন্ত রোপওয়ে পরিষেবা চালুর সম্ভাবনা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার নবান্নে কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গড়করির সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বৈঠকে এই প্রস্তাব নিয়ে আলোচনা হয়। সূত্রের খবর, প্রকল্পের বিস্তারিত রিপোর্ট (ডিপিআর) তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের উত্থাপিত বিভিন্ন পরিকাঠামোগত প্রস্তাবে নীতিগত সম্মতি জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।
মহিলা সংরক্ষণ না ডিলিমিটেশন, সংসদের স্বল্প অধিবেশন ঘিরে জল্পনা
এর আগে দার্জিলিং ও কার্শিয়ংয়ের মধ্যে রোপওয়ে পরিষেবা চালুর সিদ্ধান্ত হয়েছিল। সেই পরিকল্পনার পর এবার দক্ষিণেশ্বর- বেলুড় সংযোগ নিয়েও তৎপরতা শুরু হল।
বর্তমানে ফেরি, লঞ্চ কিংবা সড়কপথে দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠে যাতায়াত করতে হয়। রোপওয়ে চালু হলে সময় বাঁচার পাশাপাশি পর্যটকদের জন্য তৈরি হবে নতুন আকর্ষণ। গঙ্গা, দুই তীর্থক্ষেত্র এবং সংলগ্ন এলাকার আকাশপথের দৃশ্য উপভোগের সুযোগ মিলবে। পাশাপাশি পর্যটনকেন্দ্রিক স্থানীয় ব্যবসাতেও গতি আসতে পারে। তবে প্রকল্পের বাস্তবায়ন নির্ভর করবে ডিপিআর ও পরবর্তী অনুমোদনের উপর।




