ওয়েব ডেস্ক: রাজ্যের সীমানা পেরিয়ে এবার হরিয়ানার কুরুক্ষেত্রে বাংলার সাংস্কৃতিক উপস্থিতি। আন্তর্জাতিক গীতা মহোৎসবে প্রথমবারের জন্য সহযোগী রাজ্য বা ‘পার্টনার স্টেট’ হিসাবে অংশ নিতে চলেছে পশ্চিমবঙ্গ। আগামী ৫ থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত কুরুক্ষেত্রের ব্রহ্ম সরোবরের তীরে আয়োজিত হবে ১১তম আন্তর্জাতিক গীতা মহোৎসব। বাংলার পাশাপাশি এবার সহযোগী রাজ্যের মর্যাদা পাচ্ছে দিল্লিও। রাজ্যের বিজেপি সরকারের এই অংশগ্রহণকে সাংস্কৃতিক ও আধ্যাত্মিক ক্ষেত্রে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনির সঙ্গে ইতিমধ্যেই এ বিষয়ে আলোচনা করেছেন পশ্চিমবঙ্গের প্রতিনিধি তথা রাজ্যের প্রতিমন্ত্রী উমেশ রাই। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও এই মহোৎসবে যোগ দিতে পারেন। তবে তাঁর সফরের দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিত থাকার সম্ভাবনাও রয়েছে। ১৪ ডিসেম্বর মরিশাসের রাষ্ট্রপতি ধরমবীর গখুল আনুষ্ঠানিকভাবে মহোৎসবের উদ্বোধন করবেন।
বাংলার জন্য এই মহোৎসবে থাকবে বিশেষ প্যাভিলিয়ন। সেখানে পশ্চিমবঙ্গের কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য, হস্তশিল্প এবং খাবারের পরিচয় তুলে ধরা হবে। আন্তর্জাতিক মঞ্চে বাংলার সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরার সুযোগ হিসাবেও বিষয়টিকে দেখা হচ্ছে।
আরও পড়ুন:
বেতন অগ্রিম থেকে দীর্ঘমেয়াদি ঋণ, সরকারি কর্মীদের পাশে দাঁড়াচ্ছে নবান্ন
এবারের মহোৎসবে থাকছে আন্তর্জাতিক গীতা সম্মেলন, সাংস্কৃতিক অনুষ্ঠান, ধর্মীয় আলোচনা এবং প্রদর্শনী। ২০ ডিসেম্বর গীতা জয়ন্তী উপলক্ষে বিশ্বব্যাপী গীতাপাঠের আয়োজন করা হবে। প্রায় ২৭ হাজার পড়ুয়া সরাসরি অংশ নেবেন। অনলাইনেও যুক্ত হবেন লক্ষাধিক মানুষ।
উল্লেখযোগ্যভাবে, ডিসেম্বরের শেষেই কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে দশ লক্ষ কণ্ঠে গীতাপাঠের আয়োজনেও শামিল হওয়ার কথা পদ্মশিবিরের। সেখানে আরএসএস প্রধান মোহন ভাগবতের উপস্থিতির সম্ভাবনা রয়েছে।




