ওয়েব ডেস্ক: রেললাইনে নির্মাণকাজের জেরে আগামী ২৮ নভেম্বর, শনিবার ব্যান্ডেল-কাটোয়া শাখায় ট্রেন চলাচলে বড়সড় নিয়ন্ত্রণ জারি করছে পূর্ব রেল। কাটোয়া ও দাঁইহাটা স্টেশনের মাঝে ২১/১/সি/ই নম্বর লেভেল ক্রসিংয়ের পরিবর্তে লিমিটেড হাইট সাবওয়ে নির্মাণ করা হবে। সেই কারণে আপ ও ডাউন লাইনে মোট ৩৬০ মিনিটের ট্রাফিক ও পাওয়ার ব্লক নেওয়া হবে।
রেল সূত্রে খবর, শনিবার সকাল ৯টা ২০ মিনিট থেকে বিকেল ৩টে ২০ মিনিট পর্যন্ত কাজ চলবে। এর জেরে ব্যান্ডেল-কাটোয়া শাখায় মোট ১৪টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। হাওড়া-কাটোয়া, ব্যান্ডেল-কাটোয়া, শিয়ালদহ-কাটোয়া-সহ একাধিক রুটের যাত্রীরা সমস্যায় পড়তে পারেন।
আরও পড়ুন:
ঔপনিবেশিক পোশাকের অবসান, বাংলার বিশ্ববিদ্যালয়ে সমাবর্তনে ফিরছে দেশীয় ঐতিহ্য
শুধু লোকাল নয়, দূরপাল্লার ট্রেনের সময়সূচিতেও পরিবর্তন করা হয়েছে। ২৮ নভেম্বর যাত্রা শুরু করতে চলা মালদহ টাউন-হাওড়া ইন্টারসিটি এবং হাওড়া-মালদহ টাউন ইন্টারসিটি এক্সপ্রেসের সময় পাঁচ ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়েছে।
রেলের তরফে যাত্রীদের যাত্রার আগে সংশোধিত সময়সূচি দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। শনিবার যাঁরা এই শাখায় যাতায়াত করবেন, তাঁদের আগাম পরিকল্পনা করেই বাড়ি থেকে বেরোনোর পরামর্শ রেলকর্তাদের।




