ওয়েব ডেস্কঃ নভেম্বর প্রায় শেষ, ঠান্ডা পড়তে শুরু করেছে অল্প অল্প। গরমের বাড়াবাড়ি নেই আবার শীতের কামড়ও নেই।দিনের বেলা নীল আকাশ দেখলে মনটা ফুরফুরে হয়ে যায়। এমন সময় দু-তিন দিনের জন্য ঘুরতে যাওয়া যেতেই পারে। কিন্তু প্রশ্ন যাবেন কোথায়। ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া অনেকবার ঘোরা হয়ে গেছে। তাহলে যান ঘুরে আসুন সাধু পাহাড় হয়ে মলুটি।
বীরভূম পাড় করলেই ঝাড়খণ্ডের দুমকা জেলা। সেখানেই মিলবে পাহাড়-মালভূমি। মন ভরাবে প্রকৃতি। দার্জিলিং যাওয়া ঝক্কির মনে হলে ঘুরে আসুন এখান থেকে। প্রাকৃতিক সৌন্দর্যের জন্য সাধু পাহাড়কে মিনি দার্জিলিং-ও বলেন।রামপুরহাট থেকে সাধু পাহাড়ের দুরত্ব ৩২ কিলোমিটার। সাধু পাহাড় থেকে ম্যাসাঞ্জোরের দুরত্ব ৩৫ কিলোমিটার। পাহাড় ঘেরা ম্যাসাঞ্জোর অত্যন্ত মনোরম।
ম্যাসাঞ্জোর ঘুরে চলে আসুন মলুটি, দুরত্ব ৫০ কিলোমিটার। মন্দির গ্রাম নামেই এর পরিচিতি। ১০৮টি অপূর্ব টেরাকোটা মন্দির, তার মধ্যে বর্তমানে ৭২টি অবশিষ্ট রয়েছে। তাদেরও জীর্ণ ও ভগ্নপ্রায় দশা।বেশীর বাগই কালী, শিব দূর্গার মন্দির। মন্দিরগুলির দেওয়ালে রাম-রাবনের যুদ্ধ, মা দুর্গার কাহিনী, মনসামঙ্গলের গল্প খোদাই করা। মলুটির মূল আকর্ষণ মা মৌলীক্ষার মন্দির।বালক অবস্থায় সাধক বামাক্ষাপা এখানে কাজ করতেন।
মলুটি থেকে শান্তিনিকেতনের দুরত্ব ৭০ কিলোমিটার। বিকেল পর্যন্ত মলুটিতে ঘুরে সন্ধ্যায় শান্তিনিকেতন পৌঁছে যাওয়া যায়। ম্যাসাঞ্জোরে থাকার জন্য পশ্চিমবঙ্গ যুব আবাস রয়েছে। ঝাড়খণ্ড টুরিজমেরও দুটি থাকার জায়গা রয়েছে এখানে।
কলকাতা থেকে সাঁইথিয়া বা রামপুরহাট যেকোনও জায়গা হয়েই যাওয়া যায় সাধু পাহাড়। সেখান থেকে ম্যাসাঞ্জোর ড্যাম। ড্যাম ঘুরে শিকারিপাড়া হয়ে মলুটি আসতে পারেন। শিকারিপাড়া পেরিয়ে রামপুরহাটের দিকে আরও প্রায় ২৫ কিমি এগোলে ডানদিকে মলুটি যাওয়ার রাস্তা পড়বে। সেখান থেকে ভিতরে ঢুকলেই মলুটির মন্দির চত্বর।




