কণাদ দাশগুপ্ত: শুধু সরকারের ক্ষমতার পালাবদল নয়, এবার বদলে যেতে চলেছে রাজ্যের প্রশাসনিক ও পরিকাঠামোগত মানচিত্রও। কলকাতার দীর্ঘদিনের প্রশাসনিক কেন্দ্রকে সরিয়ে নতুন করে ক্ষমতার পরিকাঠামো গড়ে তোলার পরিকল্পনা সামনে আনলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিউটাউনকে কেন্দ্র করে তৈরি হতে চলেছে রাজ্যের নতুন প্রশাসনিক ও বিচারবিভাগীয় পরিসর। পরিকল্পনা বাস্তবায়িত হলে বিধানসভা থেকে হাইকোর্ট, মন্ত্রী-আমলাদের আবাসন থেকে বিধায়কদের থাকার ব্যবস্থা—সবই চলে আসবে একই বৃহৎ ক্যাম্পাসের আওতায়।
মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, বিধানসভা ও হাইকোর্টের জন্য নিউটাউনে ইতিমধ্যেই বড় এলাকা চিহ্নিত করা হয়েছে। সেখানে পাশাপাশি তৈরি হবে নতুন বিধানসভা ভবন, হাইকোর্ট এবং প্রশাসনিক পরিকাঠামো। শুধু সরকারি কাজকর্মের কেন্দ্র নয়, বিচারপতি, মন্ত্রী এবং বিভিন্ন দফতরের শীর্ষ আধিকারিকদের আবাসনও গড়ে তোলা হবে ওই এলাকায়। বিধায়কদের জন্যও তৈরি হবে নতুন আবাসন।
আরও পড়ুন
জাঁকিয়ে শীতের অপেক্ষা আর কতদিন? আগামী কয়েক দিনে আবহাওয়ায় কী পরিবর্তন?
এই পরিকল্পনার রাজনৈতিক ও প্রশাসনিক তাৎপর্য যথেষ্ট গভীর। এতদিন কলকাতার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রশাসনিক ও বিচারবিভাগীয় পরিকাঠামোকে এক জায়গায় নিয়ে আসার ভাবনা বাস্তবায়িত হলে রাজ্যের ক্ষমতার ভৌগোলিক কেন্দ্রই বদলে যেতে পারে। নিউটাউন তখন শুধুমাত্র তথ্যপ্রযুক্তি বা বাণিজ্যিক কর্মকাণ্ডের শহর থাকবে না, হয়ে উঠতে পারে রাজ্যের নতুন প্রশাসনিক রাজধানী।
তবে এই বিপুল কর্মযজ্ঞের বাস্তবায়ন, জমি, অর্থ বরাদ্দ এবং সময়সীমা নিয়ে এখনও বিস্তারিত তথ্য সামনে আসেনি। কলকাতার ঐতিহাসিক প্রশাসনিক পরিকাঠামোর ভবিষ্যৎ কী হবে, তা নিয়েও প্রশ্ন রয়েছে। আপাতত স্পষ্ট, শুভেন্দু সরকারের পরিকল্পনা কেবল নতুন ভবন নির্মাণের নয়, রাজ্যের ক্ষমতার কেন্দ্রকে নতুন ভূগোলে প্রতিষ্ঠা করার।




