ওয়েব ডেস্ক: পাকিস্তানের মাটিতে ফের ভারতের কূটনৈতিক উপস্থিতি ঘিরে শুরু হয়েছে জল্পনা। সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও)-এর শীর্ষ সম্মেলন আয়োজন করতে চলেছে ইসলামাবাদ। সদস্য দেশ হিসেবে ভারতকে আমন্ত্রণ জানানো পাকিস্তানের পক্ষে কার্যত বাধ্যতামূলক। কিন্তু সেই আমন্ত্রণ গ্রহণ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কি ইসলামাবাদে যাবেন? নাকি তাঁর পরিবর্তে ভারতের প্রতিনিধিত্ব করবেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর? এই প্রশ্নেই এখন কূটনৈতিক মহলে চর্চা তুঙ্গে।
২০২৭ সালের অগস্টে ইসলামাবাদে এসসিও-র রাষ্ট্রপ্রধানদের সম্মেলন হওয়ার কথা। পাকিস্তানের সভাপতিত্বে আয়োজিত এই সম্মেলনে সদস্য দেশগুলির রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানানো হবে। ফলে ভারতের সামনে তৈরি হয়েছে কূটনৈতিক ও রাজনৈতিক ভারসাম্য রক্ষার চ্যালেঞ্জ।
পহেলগাঁওয়ে জঙ্গি হামলা এবং পরবর্তী সামরিক সংঘাতের পর থেকে পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক কার্যত তলানিতে। সীমান্তপারের সন্ত্রাসবাদ নিয়ে অবস্থান বদল না হলে ইসলামাবাদের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার প্রশ্নে কোনও নমনীয়তা দেখাতে নারাজ নয়াদিল্লি। ভারত বারবার স্পষ্ট করেছে, সন্ত্রাসবাদ ও আলোচনা একসঙ্গে চলতে পারে না।
তবে এসসিও-র মতো বহুপাক্ষিক মঞ্চ থেকে নিজেকে সরিয়ে রাখতে চায় না ভারত। ২০২৪ সালের অক্টোবরে ইসলামাবাদে এসসিও-র বৈঠকে যোগ দিয়েছিলেন জয়শঙ্কর। ২০২৭ সালের সম্মেলনেও তাঁর যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না। এর ফলে পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক না করেও আন্তর্জাতিক মঞ্চে ভারতের উপস্থিতি বজায় রাখা সম্ভব।
কূটনৈতিক সূত্রের ইঙ্গিত, মোদির সফর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত অনেক পরে নেওয়া হবে। তার আগে পাকিস্তানের সন্ত্রাসবাদ সংক্রান্ত অবস্থানে কোনও পরিবর্তন আসে কি না, সেটাই দেখবে নয়াদিল্লি।




