ওয়েব ডেস্ক: কৃষক আন্দোলনের ক্ষত এখনও শুকোয়নি। ছ’বছর আগে দিল্লির সীমানায় যে আন্দোলন কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারকে প্রবল চাপে ফেলেছিল, ফের সেই আন্দোলনের স্মৃতি উসকে রাজধানীর রাজপথে নামার প্রস্তুতি নিচ্ছেন কৃষকরা। আগামী ২৬ নভেম্বর দিল্লিতে মোদি সরকারবিরোধী বৃহত্তর বিক্ষোভ ও ধরনার ডাক দিয়েছে সর্বভারতীয় কৃষক সংগঠনগুলির সম্মিলিত মঞ্চ সংযুক্ত কিষান মোর্চা। আন্দোলনের কেন্দ্রবিন্দু হিসেবে বেছে নেওয়া হয়েছে যন্তরমন্তরকে।
কৃষক সংগঠনগুলির পরিকল্পনা, নয়াদিল্লির মন্দির মার্গ থেকে মিছিল করে যন্তরমন্তরে পৌঁছবেন আন্দোলনকারীরা। সেখানে মিছিল শেষে অবস্থান ও ধরনা কর্মসূচি শুরু করার ভাবনাও রয়েছে। তবে এই কর্মসূচিকে ঘিরে প্রশাসনিক বাধার আশঙ্কা করছেন কৃষক নেতারা। কারণ, কেন্দ্র ইতিমধ্যেই যন্তরমন্তরকে বিক্ষোভের নির্ধারিত স্থান হিসেবে ডি-নোটিফাই করেছে। ফলে ওই এলাকায় জমায়েত ও মিছিল আটকাতে পারে দিল্লি পুলিশ। এমনকী কর্মসূচির আগেই কৃষক নেতাদের গৃহবন্দি করা হতে পারে বলেও আশঙ্কা তাঁদের।
এবারের আন্দোলনে কৃষকদের পাশাপাশি যোগ দেওয়ার কথা সর্বভারতীয় শ্রমিক সংগঠন এবং জেন জি-র প্রতিনিধিদেরও। বিরোধী রাজনৈতিক দলগুলির অংশগ্রহণের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না আয়োজকরা।
সংযুক্ত কিষান মোর্চার অভিযোগ, আন্দোলন স্থগিত করার সময় কৃষকদের একাধিক প্রতিশ্রুতি দিয়েছিল কেন্দ্র। বিশেষত ফসলের ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি) আইনি স্বীকৃতি দেওয়ার লিখিত আশ্বাস দিয়েও তা কার্যকর করেনি মোদি সরকার। সংগঠনের দাবি, ১৮০০ দিনেরও বেশি সময় পেরিয়ে গেলেও প্রতিশ্রুতি পূরণ হয়নি। এই নিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হস্তক্ষেপ চেয়ে স্মারকলিপিও জমা দিয়েছেন কৃষকরা। ফলে ২৬ নভেম্বরের কর্মসূচি শুধু কৃষকদের দাবি আদায়ের লড়াই নয়, কেন্দ্রের বিরুদ্ধে বৃহত্তর রাজনৈতিক চাপ তৈরিরও মঞ্চ হয়ে উঠতে পারে।




