ওয়েব ডেস্কঃ রাজ্যে বাস ভাড়া বাড়ানোর ইঙ্গিত দিলেন পরিবহণমন্ত্রী অর্জুন সিং। বেসরকারি বাস মালিকদের ভাড়া বাড়ানোর আবেদনের প্রেক্ষিতে সমীক্ষা শুরু করছে পরিবহণ দপ্তর বলে সূত্রের খবর। সমীক্ষার রিপোর্ট আসার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন পরিবহণমন্ত্রী। তবে কেবল মাত্র বেসরকারি নয়, উন্নত পরিষেবা ও আধুনিক পরিকাঠামো গড়ে তুলতে সমান্তরাল ভাবে সরকারি বাসের ভাড়াও কিছুটা বাড়তে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন অর্জুন সিং।
অন্যদিকে সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাত্রার সুযোগকে কাজে লাগিয়ে ভুয়ো বুকিং রুখতে কড়া পদক্ষেপ নেওয়ার কথাও ঘোষণা করেছেন তিনি। পরিবহণ মন্ত্রী জানিয়েছেন, বেসরকারি বাস মালিকেরা ১৮ টাকা নুন্যতম ভাড়া করার জন্য আবেদন জানিয়েছেন। শুধুমাত্র সরকারি পরিবহণ ব্যবস্থার ওপর নির্ভর করে যে গোটা রাজ্যে ভালো পরিষেবা দেওয়া সম্ভব নয় তা কার্যত মেনে নিয়েছেন পরিবহণ মন্ত্রী।
আরও পড়ুন
মন্ত্রীর কথায়, ডিজেল, চালকদের বেতন বৃদ্ধি, যন্ত্রাংশের মূল্য বৃদ্ধিও হয়েছে। তাই বাস মালিকদের নুন্যতম ১৮ টাকা ভাড়া বৃদ্ধির দাবি সরাসরি না মেনে একটি সঠিক তথ্যের ভিত্তিতে সমীক্ষা করে তাঁদের নায্য দাবি দেখা উচিত। অন্যদিকে শহরে দূষণ নিয়ন্ত্রণে রাজ্য গ্রিন এনার্জি বাসের উপর জোর দিচ্ছে বলেও জানান পরিবহণমন্ত্রী। ইতিমধ্যেই ১৪৭টি গ্রিন এনার্জি বাস আনা হচ্ছে। সরকারি পরিবহণ ব্যবস্থার দুর্বলতা নিয়ে সমালোচনাও শোনা গিয়েছে তাঁর মুখে।
কেন্দ্রীয় সরকারের বাহন পোর্টালের নিয়মকানুন কঠোর ভাবে মানার উপর জোর দেন তিনি। দূরপাল্লার বাসে মহিলাদের আসন সংরক্ষণের ক্ষেত্রে এবার থেকে ৩০ শতাংশ অনলাইনে বুকিং নেওয়া হবে এবং বাকি ৭০ শতাংশ আসন অন দ্য স্পট টিকিট কেটে বসার জন্য রাখা হবে। এছাড়াও ভুয়ো বুকিং রুখতে নয়া প্রযুক্তি আনা হচ্ছে বলেও জানান পরিবহণমন্ত্রী।




