কণাদ দাশগুপ্ত: শমীকের আপত্তির তিন দিনের মাথায় মন্ত্রীদের মুখে লাগাম টানলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্য সরকারের বক্তব্য প্রকাশ্যে তুলে ধরার ক্ষেত্রে এবার নির্দিষ্ট করে দেওয়া হল তিন জনের নাম। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, তাপস রায়, দীপক বর্মন এবং উমেশ রাই রাজ্য সরকারের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন। এর ফলে সরকারের সামগ্রিক কাজকর্ম নিয়ে সংবাদমাধ্যমে বক্তব্য রাখার অধিকার থাকছে মূলত এই তিন মন্ত্রীর হাতেই।
শুভেন্দু স্পষ্ট জানিয়েছেন, অন্য মন্ত্রীরা নিজেদের দফতরের কাজকর্ম এবং সংশ্লিষ্ট বিষয়ে সাংবাদিকদের তথ্য দিতে পারবেন। কিন্তু রাজ্য সরকারের সামগ্রিক অবস্থান বা প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে প্রকাশ্যে মন্তব্য করতে পারবেন না। অর্থাৎ, মন্ত্রিসভার সদস্যদের বক্তব্যের ক্ষেত্রে তৈরি হল নির্দিষ্ট সীমারেখা।
রাজনৈতিক তাৎপর্য এখানেই। মাত্র তিন দিন আগে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য মন্ত্রীদের একাংশের অতিরিক্ত কথাবার্তা নিয়ে প্রকাশ্যেই অসন্তোষ জানিয়েছিলেন। সরকারের প্রতিটি বিষয়ে একাধিক মন্ত্রীর মন্তব্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে বলে তাঁর বক্তব্য ছিল। মুখ্যমন্ত্রীকে এ বিষয়ে নির্দিষ্ট মুখপাত্র নিয়োগের পরামর্শ দেবেন বলেও জানিয়েছিলেন শমীক।
বিজয় দিবসেই দেশে ফিরতে চান হাসিনা, দিল্লি থেকে ঢাকায় ফেরার দিন ঘোষণা
তার পরেই এই সিদ্ধান্ত। বিজেপি সূত্রের দাবি, শুক্রবার রাতের কোর কমিটির বৈঠকে শুভেন্দু, শমীক এবং দলের কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসলের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল।
মুখপাত্র বাছাইয়েও রয়েছে রাজনৈতিক ও সাংগঠনিক হিসাব। তাপস রায় দক্ষিণবঙ্গের প্রতিনিধি, দীপক বর্মন উত্তরবঙ্গের এবং উমেশ রাই হিন্দিভাষী সমাজের কাছে সরকারের বক্তব্য পৌঁছে দেবেন। আদি-নব্য বিজেপির প্রতিনিধিত্বের ভারসাম্যও রয়েছে এই তালিকায়।
সব মিলিয়ে, সরকার পরিচালনার পাশাপাশি দলের সাংগঠনিক শৃঙ্খলা এবং সরকারি প্রচারের নিয়ন্ত্রণ—দুই ক্ষেত্রেই নিজের অবস্থান স্পষ্ট করলেন শুভেন্দু।




