HomeLive Updatesআজ থেকেই ভোলবদল আবহাওয়ার, শীত নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের

আজ থেকেই ভোলবদল আবহাওয়ার, শীত নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের

সপ্তাহের শেষে কলকাতা-সহ দু'বঙ্গে ৩-৪ ডিগ্রি পারদ পতনের পূর্বাভাস

কলকাতা: বৃষ্টির পর সেই অমোঘ প্রশ্নটাই উঠতে শুরু করেছে — শীত কবে পড়বে? বৃষ্টির হাত ধরে কিছুটা পারদ পতন ঘটেছে। ভোরের দিকে হালকা কুয়াশা ও শীত ভাব অনুভূত হলেও কনকনে শীতের দেখা নেই। নভেম্বরের মাঝামাঝি পার হলেই কবে শীতের দেখা মিলবে এই প্রশ্নের উত্তর জানতে মুখিয়ে থাকে গোটা বাংলা। আবহাওয়া দপ্তর বলছে আজ থেকেই বদলে যাবে আবহাওয়া। ২৪ নভেম্বর, মঙ্গলবার থেকেই রাতের তাপমাত্রা কমবে। তবে আজ সকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এবার শীতপ্রেমীদের জন্য সুখবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই সোমবার থেকে রাজ্যে বৃষ্টির রেশ অনেকটাই কমেছে। মঙ্গলবার সকাল থেকেই আবহাওয়ার পরিবর্তনের ছবিটা স্পষ্ট হতে শুরু করেছে। আজ ২৪ নভেম্বর, মঙ্গলবার থেকেই রাজ্যজুড়ে রাতের তাপমাত্রা কমতে শুরু করবে। সেই সঙ্গে বাতাসে জলীয় বাষ্প কমে শুষ্কতা বাড়বে। ফলে রাজ্যে শীত একেবারে দোরগোড়ায়।মঙ্গলবার সকাল থেকেই শহর কলকাতার আকাশ মূলত পরিষ্কার, মিলেছে হালকা রোদের দেখা। ভোরের দিকে বেশ মনোরম ঠান্ডা ভাব অনুভূত হয়েছে। এই দিন থেকেই ধীরে ধীরে তাপমাত্রা কমতে শুরু করবে।

আরও পড়ুন 

সাতসকালে কেঁপে উঠল উত্তরবঙ্গ, নেপাল-সহ কাঁপল ৫ দেশ

আজ থেকে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই আবহাওয়া মনোরম থাকবে। বৃষ্টির দাপট কমবে। শুষ্ক থাকবে আবহাওয়া। কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই। যদিও আজ সকালে কয়েকটি জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে। আর সেই তালিকায় রয়েছে উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ার মতো জেলাগুলি। চলতি সপ্তাহের শেষের আগেই জেলাগুলির তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে। বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে শীতের শিরশিরানি আরও বাড়বে। উত্তরবঙ্গের আটটি জেলাতে আজ সকালে বৃষ্টির সম্ভাবনা থাকছে। এক্ষেত্রে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদায় এহেন পূর্বাভাস রয়েছে। তবে তারপর থেকে আবহাওয়া রং বদলাবে। ধীরে ধীরে কমে যাবে তাপমাত্রা।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments