আগামীকাল মহালয়া, আর হাতে গোনা মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপরেই মা আসছেন। কিন্তু বারংবার আবহাওয়া বদলে চিন্তায় পড়েছে বঙ্গবাসী। সকাল থেকে রোদ ঝলমলে আকাশ থাকলেও বেলা গড়াতেই উঁকি দিচ্ছে কালো মেঘ। আবহাওয়া দপ্তর সূত্রে, আজও বঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আজ রাজ্যের বিভিন্ন জেলায় রোদ ঝলমলে আকাশের পাশাপাশি মেঘলা আকাশও দেখতে পাওয়া যাবে। বেশ কিছু জেলায় হালকা বৃষ্টি হলেও বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, কলকাতা সহ দক্ষিণবঙ্গ থেকে বর্ষা বিদায় নিয়েছে। কিন্তু বিদায়ের পথেও বারংবার থমকে যাচ্ছে মৌসুমী বায়ু।
হাওয়া অফিসের খবর অনুযায়ী, শহর কলকাতায় আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে দমকা হাওয়া দেওয়ারও ইঙ্গিত পাওয়া গিয়েছে।




