আজ মহালয়া ২০২৬। দেবীপক্ষের সূচনা, সঙ্গে পুজোর আমেজ গোটা বাংলায়। কিন্তু আবহাওয়ার পরিবর্তন চিন্তা ধরাচ্ছে বাঙালির মনে। ভোরের দিকে হালকা ঠান্ডার আমেজ থাকলেও বেলা গড়াতে না গড়াতেই গরমের প্রভাব দেখা যাচ্ছে। রাজ্যের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, কলকাতাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
হাওয়া অফিসের খবর অনুযায়ী, শনিবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনকি বেশ কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। ফলে মহালয়ার দিন যদি শপিংয়ে বেরোতে চান তাহলে সমস্ত পরিকল্পনা করেই বেরোবেন। জানা গিয়েছে, থাইল্যান্ড উপসাগর ও সংলগ্ন অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এছাড়াও ১১ই অক্টোবর আন্দামান সাগরের উপর আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই দুই ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ এলাকা তৈরি হতে পারে। এর ফলে বাংলার আবহাওয়া পরিবর্তন সম্ভাব্য।
শনিবার উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিও হতে পারে। আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, শনিবার একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও রবিবার আবহাওয়া তুলনামূলক শুষ্ক থাকবে। পাশাপাশি দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের অধিকাংশ এলাকায় বৃষ্টির সম্ভাবনা কম হতে পারে।




